উত্তর আমেরিকা

ইউরোপীয় গাড়ির ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিলেন ডোনাল্ড ট্রাম্প

ওয়াশিংটন, ২ মে – ইউরোপীয় ইউনিয়ন থেকে আমদানিকৃত গাড়ির ওপর শুল্ক বাড়িয়ে ২৫ শতাংশ করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী সপ্তাহ থেকেই শুল্ক আরোপের এই সিদ্ধান্ত কার্যকর করা হবে। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প এই সিদ্ধান্তের কথা জানান।

ইউরোপীয় ইউনিয়ন বাণিজ্য চুক্তি মেনে চলছে না এমন অভিযোগ তুলে এই কঠোর পদক্ষেপের কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প তার পোস্টে উল্লেখ করেন যে ইউরোপীয় ইউনিয়ন তাদের মধ্যকার সমঝোতা অনুযায়ী বাণিজ্য চুক্তিটি যথাযথভাবে অনুসরণ করছে না। এই বাস্তবতার প্রেক্ষিতে আগামী সপ্তাহ থেকে যুক্তরাষ্ট্রে আসা ইউরোপীয় ইউনিয়নের কার ও ট্রাকের ওপর শুল্ক বাড়িয়ে দেওয়া হচ্ছে।

তবে শুল্ক এড়ানোর জন্য ইউরোপীয় কোম্পানিগুলোর সামনে একটি পথ খোলা রেখেছেন ট্রাম্প। তিনি স্পষ্ট করে জানান যে যদি তারা যুক্তরাষ্ট্রের কারখানায় তাদের কার ও ট্রাক উৎপাদন করে তবে কোনো শুল্ক দিতে হবে না। এর আগেও ট্রাম্প প্রশাসন ইউরোপীয় ইউনিয়ন থেকে আমদানিকৃত গাড়ির ওপর শুল্ক বাড়িয়ে ২৫ শতাংশ করার ঘোষণা দিয়েছিল।

পরবর্তীতে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েনের সাথে আলোচনার পর উভয় পক্ষ একটি বাণিজ্য চুক্তিতে পৌঁছায়। সেই চুক্তি অনুযায়ী শুল্ক কমিয়ে ১৫ শতাংশ নির্ধারণ করা হয়েছিল। তবে বর্তমান পরিস্থিতিতে প্রেসিডেন্ট ট্রাম্প আবারো সেই শুল্কের হার পূর্বের ২৫ শতাংশে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিলেন।

এস এম/ ২ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language