আগামীকাল প্রথম রাষ্ট্রীয় সফরে সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঢাকা, ১ মে – প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল শনিবার এক রাষ্ট্রীয় সফরে সিলেট যাচ্ছেন। শুক্রবার প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে। সরকার প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই হবে সিলেটে তার প্রথম আনুষ্ঠানিক সফর।
সফরের নির্ধারিত কর্মসূচি অনুযায়ী প্রধানমন্ত্রী দিনভর বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেবেন। সফরের শুরুতে তিনি হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করবেন। এরপর তিনি সিলেট সার্কিট হাউজ সংলগ্ন চাঁদনী ঘাটে আয়োজিত একটি কর্মসূচিতে যোগ দেবেন। সেখানে সিলেট সিটি করপোরেশন কর্তৃক শহরের জলাবদ্ধতা নিরসনে গৃহীত মেগা প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এবং একটি সুধী সমাবেশে ভাষণ দেবেন।
দুপুরের কর্মসূচিতে প্রধানমন্ত্রী সদর উপজেলার কাশিপুর ইউনিয়নে যাবেন। সেখানে তিনি বাইশা নদী পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করবেন।
বিকেলের দিকে প্রধানমন্ত্রী সিলেট জেলা স্টেডিয়ামে শিশু কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণে আয়োজিত নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ এর উদ্বোধন করবেন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এই বিশেষ অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে তিনি জেলা শিল্পকলা একাডেমিতে একটি মতবিনিময় সভায় যোগ দেবেন। সকল আনুষ্ঠানিকতা শেষে আগামীকাল সন্ধ্যায় তার ঢাকায় ফেরার কথা রয়েছে।
উল্লেখ্য যে গত ২১ জানুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার সময় তিনি সর্বশেষ সিলেটে গিয়েছিলেন।
এনএন/ ১ মে ২০২৬









