জাতীয়

শহীদদের বড় অংশই শ্রমজীবী, তাদের কল্যাণে সরকারের অঙ্গীকার রয়েছে: প্রতিমন্ত্রী

যশোর, ১ মে – বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বিগত ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে শহীদদের সিংহভাগই শ্রমজীবী মানুষ। তাই শ্রমিকদের প্রতি বর্তমান সরকারের সুদৃঢ় অঙ্গীকার রয়েছে। শুক্রবার সকালে মহান মে দিবস উপলক্ষে যশোর জেলা প্রশাসন আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, সরকার বন্ধ হয়ে যাওয়া কলকারখানাগুলো পুনরায় চালু করে শ্রমিকদের কাজ ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে।

শ্রমিকরা যাতে তাদের শ্রমের ন্যায্য মজুরি পায় সেটি নিশ্চিত করতেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড দেশের শ্রমিক ও সাধারণ প্রান্তিক মানুষের জীবনে সচ্ছলতা ফিরিয়ে আনতে সহায়ক হবে। কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণের সুদ মওকুফ করার কথা উল্লেখ করে তিনি জানান, হাওর অঞ্চলে অতিবৃষ্টির কারণে ফসল নষ্ট হওয়ায় সেখানে আগামী তিন মাস বিশেষ খাদ্য সহায়তা দেওয়া হবে।

ভারপ্রাপ্ত জেলা প্রশাসক রফিকুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম এবং জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবুসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে প্রতিমন্ত্রী শ্রমিকদের মাঝে অনুদানের চেক বিতরণ করেন।

এস এম/ ১ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language