জাতীয়

সংসদে ইউনূস সরকারের ‘নির্বাচন বানচালের ষড়যন্ত্র’ ফাঁস করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১ মে – ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রম নিয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ। তিনি দাবি করেন যে ড. ইউনূসের নেতৃত্বাধীন সরকার সংস্কারের নামে নির্বাচন বিলম্বিত করে দীর্ঘ সময় ক্ষমতায় থাকার পরিকল্পনা করেছিল। স্বরাষ্ট্রমন্ত্রী জানান জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশটি মূলত সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ও অবৈধ ছিল।

তিনি বলেন নির্বাচনের লক্ষ্য অর্জনে বিএনপি সেই সময় কৌশলগত কারণে অনেক বিষয়ে ছাড় দিয়েছিল এবং সংস্কারের অজুহাতে নির্বাচন যেন বন্ধ না হয় সে জন্য জুলাই সনদে স্বাক্ষর করেছিল। সালাহউদ্দিন আহমদ উল্লেখ করেন যে সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংস্কারের আলোচনায় নোট অব ডিসেন্ট বা ভিন্নমতের সুযোগ ছিল না বলে প্রচার করা হলেও প্রকৃতপক্ষে এটি ভিন্নমত সহই স্বাক্ষরিত হয়।

তিনি আরও অভিযোগ করেন ৫ আগস্টের পর ড. ইউনূস আন্দোলনের কৃতিত্ব কেবল ছাত্রদের দিয়ে জনমানুষের দীর্ঘ ১৭ বছরের সংগ্রামকে অস্বীকার করতে চেয়েছিলেন। উপদেষ্টামণ্ডলীতে ছাত্র প্রতিনিধি নিয়োগ এবং মব সংস্কৃতির মাধ্যমে ভিন্নমত দমন করে সরকার দেশে অরাজকতা সৃষ্টি করেছিল বলেও তিনি মন্তব্য করেন। স্বরাষ্ট্রমন্ত্রীর মতে বিভিন্ন অপ্রয়োজনীয় সংস্কার কমিশন গঠন করে রাষ্ট্রের অর্থের অপচয় করা হয়েছে। তিনি আরও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে দেশি ও আন্তর্জাতিক পর্যায়ে কূটনৈতিক তৎপরতার ফলে এই ষড়যন্ত্র ব্যর্থ হয় এবং সরকার নির্বাচন দিতে বাধ্য হয়।

এস এম/ ১ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language