জাতীয়
মে মাসেও জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত

ঢাকা, ৩০ এপ্রিল – মে মাসের জন্য দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বৃহস্পতিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, এপ্রিল মাসের নির্ধারিত মূল্যেই মে মাসেও জ্বালানি তেল বিক্রি হবে। সে অনুযায়ী প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ টাকা এবং কেরোসিন ১৩০ টাকা দরে বিক্রি করা হবে।
এর আগে গত ১৮ এপ্রিল আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় করতে গিয়ে দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম বৃদ্ধি করেছিল সরকার।
বর্তমানে সরকারের নতুন নীতিমালা অনুযায়ী প্রতি মাসে বিশ্ববাজারের সঙ্গে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হচ্ছে। তবে মে মাসে দামের ক্ষেত্রে কোনো পরিবর্তনের প্রয়োজন মনে করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এনএন/ ৩০ এপ্রিল ২০২৬









