বিজ্ঞান ও প্রযুক্তি

কৃত্রিম বুদ্ধিমত্তার ছোঁয়ায় ঘুচবে পুরুষ বন্ধ্যাত্ব: আশার আলো দেখাচ্ছে ‘স্টার’ প্রযুক্তি

ওয়াশিংটন, ৩০ এপ্রিল – পুরুষ বন্ধ্যাত্ব নিরসনে বিজ্ঞান ও প্রযুক্তির নতুন এক দিগন্ত উন্মোচন করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা। কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকদের উদ্ভাবিত স্টার নামক একটি নতুন পদ্ধতি অত্যন্ত বিরল বা লুকানো শুক্রাণু শনাক্ত করতে সক্ষম হয়েছে। এটি বিশ্বের কোটি কোটি পুরুষ যারা আজোস্পার্মিয়া সমস্যায় ভুগছেন তাদের জন্য নতুন আশার সঞ্চার করেছে। আজোস্পার্মিয়া হলো এমন একটি শারীরিক অবস্থা যেখানে পুরুষের শরীরে অতি সামান্য বা একেবারেই শুক্রাণু থাকে না। বন্ধ্যাত্বের প্রায় ১০ শতাংশ ক্ষেত্রে এই সমস্যা দায়ী বলে বিশেষজ্ঞরা মনে করেন।

যুক্তরাষ্ট্রের নিউ জার্সির এক দম্পতির ক্ষেত্রে এই প্রযুক্তির প্রথম সফল প্রয়োগ দেখা গেছে। ওই দম্পতি দীর্ঘ আড়াই বছর চেষ্টার পর এই প্রযুক্তির সহায়তায় গর্ভধারণে সফল হন। স্বামীর শরীরে ক্লাইনফেল্টার সিনড্রোম নামক জিনগত সমস্যা ছিল যার কারণে তার শরীরে শুক্রাণু তৈরি হতো না বললেই চলে। স্টার প্রযুক্তি প্রতি সেকেন্ডে শত শত ছবি বিশ্লেষণ করে অতি সূক্ষ্ম নমুনা থেকে শুক্রাণু শনাক্ত করতে পারে। গবেষকদের মতে মানুষের চোখে যা ধরা পড়তে দীর্ঘ সময় লাগত কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তিতে তা কয়েক মিলিসেকেন্ডেই সম্ভব হচ্ছে।

গবেষণার তথ্য অনুযায়ী এই প্রযুক্তি ব্যবহারের ফলে প্রায় ৩০ শতাংশ ক্ষেত্রে শুক্রাণু খুঁজে পাওয়া গেছে যেখানে প্রচলিত পদ্ধতিতে কোনো আশাই ছিল না। কিছু পরীক্ষায় মানুষের তুলনায় এটি প্রায় ৪০ গুণ বেশি কার্যকর বলে প্রমাণিত হয়েছে। ২০২৫ সালের শেষের দিকে এই পদ্ধতিতে প্রথম শিশুর জন্ম হয় এবং এরপর থেকেই বিশ্বজুড়ে এটি ব্যাপক সাড়া ফেলেছে। তবে বিশেষজ্ঞরা আরও গবেষণার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে বলেছেন এটি এমন দম্পতিদের জন্য বিশাল পরিবর্তন নিয়ে এসেছে যাদের কাছে আগে কোনো পথ খোলা ছিল না।

এস এম/ ৩০ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language