জাতীয়

সারা দেশে শক্তিশালী কালবৈশাখী ও বজ্রপাতের আশঙ্কা: আবহাওয়া গবেষকের সতর্কবার্তা

ঢাকা, ২৯ এপ্রিল – দেশের প্রতিটি জেলার ওপর দিয়ে আজ রাতে শক্তিশালী কালবৈশাখী ঝড় ও তীব্র বজ্রপাত বয়ে যাওয়ার প্রবল আশঙ্কা প্রকাশ করেছেন আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ।

বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক সতর্কবার্তায় তিনি এই তথ্য নিশ্চিত করেন।

কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের এই গবেষক জানান, ভারত থেকে ধেয়ে আসা এই ঝড়টি ইতিমধ্যে দেশের পশ্চিমাঞ্চলীয় সীমান্ত দিয়ে প্রবেশ করতে শুরু করেছে। আবহাওয়ার এই দুর্যোগপূর্ণ পরিস্থিতি একটানা ৩ থেকে ৬ ঘণ্টা পর্যন্ত স্থায়ী হতে পারে।

মোস্তফা কামাল পলাশের পর্যবেক্ষণ অনুযায়ী, শক্তিশালী এই ঝড়টি মূলত ভারতের পশ্চিমবঙ্গের দিক থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করছে। এটি ইতিমধ্যে রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের সীমান্তবর্তী জেলাগুলোতে প্রভাব ফেলতে শুরু করেছে।

ঝড়ের গতিপথ বিশ্লেষণ করে তিনি জানান, পরিস্থিতির অবনতি হয়ে তীব্র বজ্রপাত ও মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হতে পারে। গবেষক আরও উল্লেখ করেন যে, ঝড়টি পশ্চিম থেকে পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। বুধবার রাত ৯টার পর থেকে রাত ১টার মধ্যে রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের জেলাগুলোতে এর প্রভাব বেশি থাকবে। পরবর্তীতে রাত ১টার পর থেকে ভোর ৫টার মধ্যে ময়মনসিংহ, ঢাকা ও বরিশাল বিভাগে ঝড়টি আঘাত হানবে।

সবশেষে ভোর ৫টার পর থেকে সকাল ৯টার মধ্যে সিলেট ও চট্টগ্রাম বিভাগ এবং ভারতের ত্রিপুরা রাজ্যের ওপর দিয়ে ঝড়টি অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রংপুর বিভাগের জেলাগুলোর জন্য বাড়তি সতর্কতা জারি করা হয়েছে। এই অঞ্চলের ওপর দিয়ে একাধিক শক্তিশালী কালবৈশাখী ঝড় অতিক্রম করতে পারে বলে জানানো হয়েছে।

ঝড়ের ভয়াবহতা ও বজ্রপাতের ঝুঁকি বিবেচনায় নিয়ে সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

এনএন/ ২৯ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language