কুমিল্লা

কুমিল্লায় জলাবদ্ধতায় দুর্ভোগ: বেঞ্চে পা তুলে এসএসসি পরীক্ষা দিলেন শিক্ষার্থীরা

কুমিল্লা, ২৮ এপ্রিল – মাত্র সোয়া এক ঘণ্টার বৃষ্টিতে কুমিল্লা নগরীতে ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন এসএসসি পরীক্ষার্থীরা। বিশেষ করে ঈশ্বর পাঠশালা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থীদের বেঞ্চের ওপর পা তুলে পরীক্ষা দিতে দেখা গেছে। একই সময়ে হলে দায়িত্বরত শিক্ষকরাও চেয়ারে জুতা নিয়ে পা তুলে বসেছিলেন।

মঙ্গলবার সকাল ১০টা থেকে সোয়া এক ঘণ্টার ভারি বর্ষণে নগরীর বিভিন্ন এলাকা প্লাবিত হয়। এতে গুরুত্বপূর্ণ সড়ক, অলিগলি, শিক্ষাপ্রতিষ্ঠান ও বাসাবাড়িতে পানি ঢুকে পড়ে। অনেক স্থানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় মোমবাতি ও চার্জার লাইট জ্বালিয়ে পরীক্ষা সম্পন্ন করতে হয়েছে শিক্ষার্থীদের।

সরেজমিনে দেখা যায়, নগরীর লাকসাম রোড, রেসকোর্স, বিসিক শিল্পনগরী, কান্দিরপাড়, অশোকতলাসহ বিভিন্ন এলাকায় পানি জমে যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে পড়ে। এর ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়। বৃষ্টির কারণে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন পরীক্ষার্থী ও তাদের অভিভাবকরা। অনেক কেন্দ্রে পানি ঢুকে পড়ায় শিক্ষার্থীদের দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে কিংবা পানিতে পা ডুবিয়েই পরীক্ষা দিতে হয়েছে। অভিভাবকরা অভিযোগ করেন, পরীক্ষার শুরুতেই বিদ্যুৎ চলে যাওয়ায় এবং বৃষ্টির পানিতে কেন্দ্র সয়লাব হওয়ায় শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক কষ্টের শিকার হতে হয়েছে।

সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, গত পাঁচ বছরে প্রায় এক হাজার কোটি টাকা ব্যয়ে ড্রেনেজ ব্যবস্থার কাজ হলেও তা জলাবদ্ধতা নিরসনে কার্যকর ভূমিকা রাখতে পারছে না। নগরীর প্রায় ১০০ কিলোমিটার এলাকা জুড়ে ড্রেন নির্মাণ করা হলেও পানি নিষ্কাশন ব্যবস্থা এখনো স্থবির। এ বিষয়ে কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেন, জলাবদ্ধতা এই শহরের দীর্ঘদিনের সমস্যা। পূর্ববর্তী কর্তৃপক্ষের অবহেলার কারণে নগরবাসী আজ দুর্ভোগ পোহাচ্ছেন। সমস্যা সমাধানে কারণসমূহ চিহ্নিত করে স্থায়ী ব্যবস্থা গ্রহণের পরিকল্পনা নেওয়া হয়েছে।

আবহাওয়া কর্মকর্তা ছৈয়দ আরিফুর রহমান জানান, মঙ্গলবার বেলা সোয়া ১১টা পর্যন্ত ১০২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী দুই দিন মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেও তিনি সতর্ক করেছেন।

এনএন/ ২৮ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language