জাতীয়

সচিবালয়ে দর্শনার্থী প্রবেশে কড়াকড়ি: পাস ইস্যুর নতুন কোটা নির্ধারণ

ঢাকা, ২৮ এপ্রিল – বাংলাদেশ সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশ নিয়ন্ত্রণে নতুন নির্দেশনা জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। জননিরাপত্তা বিভাগের নতুন সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে প্রতিটি মন্ত্রণালয় ও বিভাগ নির্ধারিত কোটার অধীনে ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটিপি ইস্যু করবে।

গত ২২ এপ্রিল মন্ত্রণালয়ের উপসচিব মো. তোফায়েল হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়েছে।

আদেশে উল্লেখ করা হয়েছে যে নির্ধারিত ছক অনুযায়ী সোমবার ও বৃহস্পতিবার বাদে প্রতিদিন দর্শনার্থী পাস ইস্যু করা যাবে। নতুন নিয়ম অনুযায়ী মন্ত্রী বা উপদেষ্টার একান্ত সচিব সর্বোচ্চ ২০টি এবং প্রতিমন্ত্রীর একান্ত সচিব সর্বোচ্চ ১৫টি পাস ইস্যু করতে পারবেন।

এ ছাড়া মন্ত্রিপরিষদ সচিব, সিনিয়র সচিব বা সচিবদের একান্ত সচিব সর্বোচ্চ ১০টি পাস ইস্যু করার সুযোগ পাবেন। অতিরিক্ত সচিবরা ৪টি এবং যুগ্ম সচিবরা ৩টি পর্যন্ত পাস ইস্যু করার অনুমতি পেয়েছেন। এই নির্দেশনা অবিলম্বে কার্যকর করার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানানো হয়েছে।

সচিবালয়ের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এনএন/ ২৮ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language