মধ্যপ্রাচ্য

দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাদের ওপর হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা

বৈরুত, ২৭ এপ্রিল – দক্ষিণ লেবাননের সীমান্তবর্তী তাল আল-নাহাস এলাকায় ইসরায়েলি বাহিনীর সমাবেশ লক্ষ্য করে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ। গোষ্ঠীটি এক বিবৃতিতে জানিয়েছে যে কফর কিলা গ্রামের উপকণ্ঠে অবস্থানরত ইসরায়েলি সামরিক যানবাহন ও সেনাদের লক্ষ্য করে এই আক্রমণ পরিচালনা করা হয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

সোমবার প্রকাশিত ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে সরাসরি সীমান্ত এলাকায় মোতায়েন ইসরায়েলি বাহিনীর ওপর এই হামলা আঘাত হেনেছে যা চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে। এর আগে ইসরায়েলি সামরিক বাহিনী স্বীকার করেছে যে দক্ষিণ লেবাননে সংঘাতের সময় তাদের একজন সেনা নিহত এবং আরও ছয়জন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা বেশ আশঙ্কাজনক বলে জানা গেছে।

তবে এই হতাহতের ঘটনা ঠিক কখন এবং কী পরিস্থিতিতে ঘটেছে তা বিস্তারিত প্রকাশ করেনি ইসরায়েল। হিজবুল্লাহর পক্ষ থেকে দাবি করা হয়েছে যে ইসরায়েল বারবার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করায় তার প্রতিবাদ স্বরূপ এই হামলা চালানো হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর বিমান হামলা চালানোর পর থেকে মধ্যপ্রাচ্যে নতুন করে অস্থিরতা শুরু হয়। এর ধারাবাহিকতায় ২ মার্চ থেকে হিজবুল্লাহর পাল্টা হামলার জবাবে ইসরায়েল লেবাননে স্থল অভিযান শুরু করে।

এস এম/ ২৭ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language