মধ্যপ্রাচ্য

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে আরবদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানালেন জর্ডানের রাজা

আম্মান, ২৭ এপ্রিল – যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যেকোনো সম্ভাব্য চুক্তিতে অবশ্যই আরব দেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে হবে বলে জোরালো দাবি জানিয়েছেন জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ। স্থানীয় সময় রবিবার জর্ডানের রাজকীয় আদালতের এক বিবৃতিতে জানানো হয়, কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী জাররাহ জাবের আল-আহমদ আল-সাবাহের সঙ্গে এক বৈঠকে রাজা এই মন্তব্য করেন।

বৈঠকে উভয় দেশের মধ্যকার সুদৃঢ় সম্পর্ক বজায় রাখা এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। জর্ডানের রাজা মধ্যপ্রাচ্যের উত্তেজনা হ্রাসে যৌথভাবে পদক্ষেপ জোরদার করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি সাফ জানিয়ে দেন যে, এই অঞ্চলের স্থিতিশীলতা রক্ষার স্বার্থে যেকোনো আন্তর্জাতিক চুক্তিতে আরব দেশগুলোর নিরাপত্তা রক্ষার বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে অন্তর্ভুক্ত করতে হবে।

উল্লেখ্য যে, গত ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর থেকে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা দেখা দেয়। সংঘাত নিরসনে ইতিপূর্বে পাকিস্তানের মধ্যস্থতায় শান্তি আলোচনার উদ্যোগ নেওয়া হলেও হরমুজ প্রণালী এবং ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণসহ বেশ কিছু অমীমাংসিত বিষয়ে আলোচনার গতি বর্তমানে থমকে আছে। রাজা আবদুল্লাহ মনে করেন, মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা বজায় রাখা বর্তমানে সমগ্র বিশ্বের নিরাপত্তার জন্য অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে।

এস এম/ ২৭ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language