জাতীয়

পেশাদার খুনি ভাড়া করে হত্যার চেষ্টা, সংসদে নিরাপত্তা চাইলেন এমপি মাছুম মোস্তফা

ঢাকা, ২৬ এপ্রিল – নিজে এবং পরিবারের সদস্যদের জানমালের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন নেত্রকোনা ৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামী নেতা মাছুম মোস্তফা। পেশাদার খুনি ভাড়া করে তাকে হত্যার চেষ্টা চালানো হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

রোববার ২৬ এপ্রিল ত্রয়োদশ জাতীয় সংসদের ২১তম দিনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এই দাবি উত্থাপন করেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

সংসদে ফ্লোর নিয়ে মাছুম মোস্তফা ঘটনার বিবরণ দিয়ে জানান, মাগরিবের নামাজের সময় একটি ফিলিং স্টেশনের মসজিদে নামাজ পড়তে গেলে সন্ত্রাসীরা তার গাড়িতে হামলা চালায়। তিনি অভিযোগ করেন, হামলাকারীরা তাকে খুঁজে বের করতে মসজিদের দরজা ভাঙার চেষ্টা করে এবং অকথ্য ভাষায় গালিগালাজসহ প্রাণনাশের হুমকি দেয়। মুসল্লিদের প্রতিরোধের কারণে তারা ভেতরে প্রবেশ করতে ব্যর্থ হয় বলে তিনি উল্লেখ করেন।

অত্যন্ত আবেগঘন কণ্ঠে তিনি বলেন যে, পরিস্থিতি এমন ছিল যে আজ হয়তো তার জন্য সংসদে শোক প্রস্তাব আনতে হতো। নিজের ও পরিবারের নিরাপত্তার পাশাপাশি নিজ এলাকার নেতাকর্মীদের নিরাপত্তাও দাবি করেন এই সংসদ সদস্য।

তিনি অভিযোগ করেন যে, পুলিশ যাদের গ্রেপ্তার করেছে তাদের মধ্যে প্রকৃত অপরাধীরা নেই এবং মূল আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে।

জবাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক বলে অভিহিত করেন। পরবর্তীতে স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংসদে বলেন যে সংসদ সদস্যের সঙ্গে ঘটে যাওয়া এই ঘটনাটি অত্যন্ত দুর্ভাগ্যজনক। তিনি সংসদ নেতা ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নিশ্চিত করেন যে এই ঘটনার সুষ্ঠু তদন্ত হবে এবং প্রকৃত অপরাধীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হবে।

মন্ত্রী আরও জানান যে নয়জনকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে।

এনএন/ ২৬ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language