জাতীয়

মনোনয়ন বাতিলের বিরুদ্ধে নির্বাচন কমিশনে মনিরা শারমিনের আপিল

ঢাকা, ২৬ এপ্রিল – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত জোটের প্রার্থী এবং এনসিপি নেত্রী মনিরা শারমিন তার মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেছেন। রিটার্নিং কর্মকর্তার দেওয়া ওই আদেশের বিরুদ্ধে রবিবার নির্বাচন ভবনে গিয়ে তিনি এই আপিল আবেদন দাখিল করেন। আপিল জমা দেওয়ার পর মনিরা শারমিন গণমাধ্যমকে জানান যে আগামী ২৭ এপ্রিল সকাল সাড়ে ১০টায় তার আবেদনের ওপর শুনানির সময় নির্ধারণ করেছে কমিশন।

তিনি দাবি করেন যে সরকারি চাকরিতে তিনি যে পর্যায়ে কর্মরত ছিলেন সেখানে সিদ্ধান্ত গ্রহণের কোনো ক্ষমতা তার ছিল না। ফলে তার মনোনয়নপত্র বাতিল হওয়া সমীচীন নয় বলে তিনি মনে করেন। এর আগে সরকারি চাকরি থেকে পদত্যাগের পর তিন বছর অতিবাহিত না হওয়ার কারণে গত বৃহস্পতিবার রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্রটি বাতিল ঘোষণা করেন। গত ২২ এপ্রিল জামায়াত জোটের ১৩ জন প্রার্থীর মধ্যে ১২ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হলেও মনিরা শারমিনের চাকরির তথ্য সংক্রান্ত জটিলতায় তার নাম স্থগিত রাখা হয়েছিল।

পরবর্তীতে তথ্য যাছাই শেষে তার আবেদনটি বাতিল করা হয়। জোটের অন্য একজন প্রার্থী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র নির্ধারিত সময়ের চেয়ে ১৯ মিনিট দেরিতে জমা দেওয়ায় সেটিও গ্রহণ করেননি রিটার্নিং কর্মকর্তা। এর ফলে জামায়াত জোটের জন্য নির্ধারিত ১৩টি নারী আসনের একটি কমে যেতে পারে। আসনটি উন্মুক্ত হলে নতুন তফসিলে ভোটের মাধ্যমে তা বিএনপি জোটের দখলে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এখন পর্যন্ত দুই দিনের বাছাই প্রক্রিয়ায় বিএনপি জোটের ৩৬ জন এবং জামায়াত জোটের ১২ জনসহ মোট ৪৯ জনের মনোনয়নপত্র বৈধ বলে বিবেচিত হয়েছে।

এস এম/ ২৬ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language