সংরক্ষিত নারী আসন: মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে মনিরা শারমিনের আপিল

ঢাকা, ২৬ এপ্রিল – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সংরক্ষিত নারী আসনে ১১ দলীয় ঐক্যজোট মনোনীত প্রার্থী মনিরা শারমিন মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে যাচ্ছেন।
রোববার দুপুর ২টায় আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশন কার্যালয়ে এই আপিল আবেদন জমা দেবেন তিনি।
এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের এই পদক্ষেপের কথা সকালে দলটির মিডিয়া সেল থেকে নিশ্চিত করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে মনিরা শারমিন ২০২৩ সালের অক্টোবর মাসে বাংলাদেশ কৃষি ব্যাংকে অফিসার হিসেবে যোগদান করেছিলেন। প্রায় দুই বছর দায়িত্ব পালনের পর ২০২৫ সালে তিনি পদত্যাগ করেন।
গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিওর নিয়ম অনুযায়ী কোনো সরকারি কর্মচারী চাকরি থেকে পদত্যাগ বা অবসর নেওয়ার পর তিন বছর পূর্ণ না হওয়া পর্যন্ত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। এই বিধানের কারণেই রিটার্নিং কর্মকর্তা মঈন উদ্দীন খান গত ২৩ এপ্রিল তার মনোনয়নপত্র স্থগিত ও পরে বাতিল ঘোষণা করেন।
এদিকে এনসিপির আরেক নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্রও গ্রহণ করা হয়নি। নির্ধারিত সময়ের পর আবেদন জমা দেওয়ায় রিটার্নিং কর্মকর্তা তা বাতিল করে দেন।
উল্লেখ্য যে সংরক্ষিত নারী আসনে জামায়াত জোটের ১৩ জন প্রার্থীর মধ্যে ১২ জনের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়েছে। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী ২৬ এপ্রিল আপিল দায়েরের শেষ দিন। এরপর ২৭ ও ২৮ এপ্রিল এসব আবেদনের নিষ্পত্তি হবে এবং ২৯ এপ্রিল প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ থাকবে।
৩০ এপ্রিল প্রতীক বরাদ্দের পর আগামী ১২ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এনএন/ ২৬ এপ্রিল ২০২৬









