নির্বাচনে প্রত্যাখ্যাত হয়েই জামায়াত আবোল-তাবোল বলছে: মির্জা ফখরুল

ঢাকা, ২৫ এপ্রিল – নির্বাচনে দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে বলেই জামায়াতে ইসলামী এখন আবোল-তাবোল কথা বলছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি ইলেকট্রন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ক্ষমতায় এসেছে বলে জামায়াত আমিরের দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত উল্লেখ করে তা তীব্রভাবে প্রত্যাখ্যান করেছেন তিনি। শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মে দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত এক যৌথ সভা শেষে তিনি এসব কথা বলেন।
জামায়াত আমিরের বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে মির্জা ফখরুল বলেন, বিএনপি সরকার সম্পূর্ণ নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের রায়ে ক্ষমতায় এসেছিল। জামায়াত কখনও সুস্থ চিন্তা করতে পারে না। তাদের অতীত ইতিহাস জাতি জানে বলেই নির্বাচনে জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে। আর সেই হতাশা থেকেই তারা এখন মিথ্যাচার করছে বলে তিনি উল্লেখ করেন। তিনি আরও বলেন, দেশে আবারও বিভেদ ও ধুম্রজাল সৃষ্টি করে ফ্যাসিস্ট শাসনের পাঁয়তারা চলছে।
একটি নির্দিষ্ট গোষ্ঠী ভিন্নভাবে দেশকে স্বৈরশাসনের দিকে নিয়ে যেতে চায়। মির্জা ফখরুল অভিযোগ করেন, একটি শক্তি নির্বাচনের আগে থেকেই দেশের স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা করছে। নির্বাচনে ব্যর্থ হয়ে তারা আবারও নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে। বাংলাদেশের স্থিতিশীলতা নষ্ট করতে একটি দল দীর্ঘ দিন ধরে অস্থিরতা তৈরির চেষ্টা করছে এবং আবারও দেশে বিভেদ সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে বলে তিনি মন্তব্য করেন।
ক্যাম্পাসগুলোতে ছাত্র রাজনীতি নিয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির পেছনে একটি চক্র কাজ করছে দাবি করে বিএনপি মহাসচিব বলেন, শিক্ষার্থীরা ক্যাম্পাসে সব ধরনের অপরাজনীতি পরিহার করবে বলে দল আশা করে। জনগণ আবারও সব ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকবে বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এস এম/ ২৫ এপ্রিল ২০২৬









