ইউরোপ

ইউক্রেনের নতুন মাইলফলক: দূরনিয়ন্ত্রিত ড্রোনে হাজার কিমি দূরের লক্ষ্যবস্তুতে আঘাত

কিয়েভ, ২৪ এপ্রিল – ইউক্রেন যুদ্ধের ডামাডোল ও উত্তেজনার মধ্যেই নতুন ড্রোন প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে বড় ধরনের সামরিক সক্ষমতার পরিচয় দিয়েছে। দেশটির উদ্ভাবিত এই নতুন ইন্টারসেপ্টর ড্রোন এখন দূর থেকে নিয়ন্ত্রণ করে শত শত কিংবা হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতেও নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম। ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরভ এই অগ্রগতির কথা জানিয়ে একে ছোট আকারের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার একটি নতুন স্তর হিসেবে অভিহিত করেছেন। ফেদোরভ জানান, এই ড্রোনগুলো মূলত শত্রুপক্ষের আকাশযান বা ড্রোন ভূপাতিত করার জন্য ব্যবহৃত হয়।

তিনি দাবি করেন যে, দূরবর্তী স্থান থেকে ড্রোন নিয়ন্ত্রণ ও ব্যবহারে ইউক্রেনই বিশ্বের প্রথম দেশ যারা নিয়মিতভাবে এই প্রযুক্তি ব্যবহার করছে। ইতিপূর্বে এই প্রযুক্তির মাধ্যমে শত শত কিলোমিটার দূরের লক্ষ্যবস্তু ধ্বংস করার একাধিক প্রমাণ পাওয়া গেছে। ২০২২ সালে রাশিয়ার পূর্ণমাত্রার হামলা শুরুর সময় ইউক্রেনের নিজস্ব ড্রোন উৎপাদন সক্ষমতা ছিল অত্যন্ত সীমিত। তবে বর্তমানে দেশটিতে একটি শক্তিশালী ও আধুনিক ড্রোন শিল্প গড়ে উঠেছে।

সরকারি তথ্য অনুযায়ী গত বছর প্রায় ৪৫ লাখ ড্রোন উৎপাদন করা হয়েছে এবং বর্তমানে এই সংখ্যা আরও বৃদ্ধি পেয়েছে। নতুন এই প্রযুক্তিগত উৎকর্ষের ফলে দেশটির প্রতিরক্ষা ব্যবস্থা আরও বেশি শক্তিশালী হয়েছে। এতে ড্রোন ভূপাতিত করার সাফল্যের হার বৃদ্ধির পাশাপাশি ড্রোন পরিচালকদের প্রাণের ঝুঁকিও অনেক কমেছে। কারণ তারা সামনের যুদ্ধক্ষেত্রে সরাসরি উপস্থিত না থেকেও এই ড্রোনগুলো নিরাপদ দূরত্ব থেকে নিয়ন্ত্রণ করতে পারছেন।

তবে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা এখনো ইউক্রেনের জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে। সাম্প্রতিক সময়ে রাশিয়ার একটি বড় ধরনের হামলায় অন্তত ১৭ জন প্রাণ হারিয়েছেন। ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে যে তারা অসংখ্য ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করতে সক্ষম হলেও কিছু ড্রোন নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সফল হয়েছে। প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে ইউক্রেন বর্তমানে ইউরোপের বিভিন্ন দেশের সাথে যৌথভাবে অস্ত্র উৎপাদন করছে। এর পাশাপাশি সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের মতো মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গেও ড্রোন প্রতিরক্ষা প্রযুক্তিতে সহযোগিতা বৃদ্ধি করা হচ্ছে।

এস এম/ ২৪ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language