ওমান সাগরে মার্কিন জব্দ প্রচেষ্টা ব্যর্থ করে বন্দরে ফিরল ইরানি জাহাজ

তেহরান, ২৪ এপ্রিল – ওমান সাগরে মার্কিন বাহিনীর একটি জব্দ প্রচেষ্টা নস্যাৎ করে দিয়ে হরমুজ প্রণালি হয়ে নিরাপদে গন্তব্যে পৌঁছেছে ইরানের একটি পণ্যবাহী জাহাজ। বৃহস্পতিবার ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা ফারস নিউজ এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে। চালবাহী ওই জাহাজটিকে আইআরজিসির নৌ ইউনিট পাহারা দিয়ে নিয়ে আসে।
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী মূলত মার্কিন বাহিনীর সম্ভাব্য হামলা বা দখলদারিত্ব থেকে জাহাজটিকে রক্ষা করতেই বিশেষ নিরাপত্তা প্রদান করে। এর আগে সোমবার ইরান অভিযোগ করেছিল যে মার্কিন বাহিনী ওমান উপসাগর থেকে তাদের পতাকাবাহী একটি কার্গো জাহাজ জব্দ করেছে।
এই ঘটনার প্রেক্ষিতে তেহরান ওয়াশিংটনের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তোলে এবং পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেয়। উল্লেখ্য যে মার্কিন সামরিক বাহিনী গত ১৩ এপ্রিল থেকে ইরানের বন্দরগুলোর ওপর অবরোধ কার্যকর করার প্রক্রিয়া শুরু করেছে।
এস এম/ ২৪ এপ্রিল ২০২৬









