জাতীয়

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৫ শিশুর মৃত্যু, আক্রান্তের সংখ্যা বাড়ছে

ঢাকা, ২২ এপ্রিল – সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী মৃতদের মধ্যে ৪ শিশু ঢাকা বিভাগের এবং ১ শিশু চট্টগ্রাম বিভাগের বাসিন্দা।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

গত ২১ এপ্রিল সকাল ৮টা থেকে ২২ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত সময়ের তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুসারে একই সময়ে সারা দেশে হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ৯১৩ শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে ১২৯ জনের শরীরে রোগটি শনাক্ত করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ২২৯ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে যাদের মধ্যে ৫৬২ জনই ঢাকা বিভাগের।

হাসপাতালে ভর্তি হওয়া শিশুদের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৪০৬ জন এবং রংপুর বিভাগে সর্বনিম্ন ৯ জন ভর্তি হয়েছে। তবে একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৭৮৬ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যানে দেখা যায় গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মোট ৩৮ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১৯০ জনের।

এই সময়ের মধ্যে মোট ২৭ হাজার ১৬৪ জনের মধ্যে সংক্রমণের লক্ষণ দেখা গেছে। এদের মধ্যে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ১৭ হাজার ৯৯৮ জন এবং মোট ৩ হাজার ৯৩৪ জনের দেহে হাম শনাক্ত হয়েছে। এ পর্যন্ত চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন ১৪ হাজার ৮৯২ জন।

এনএন/ ২২ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language