জাতীয়

অপতথ্য মোকাবিলায় ইউনেস্কোর সহযোগিতায় রোডম্যাপ চান তথ্যমন্ত্রী

ঢাকা, ২২ এপ্রিল – অপতথ্য ও ভুল তথ্যের বর্তমান চ্যালেঞ্জ মোকাবিলায় ইউনেস্কোর কারিগরি সহযোগিতায় একটি কার্যকর রোডম্যাপ তৈরির ওপর গুরুত্বারোপ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। বাংলাদেশে নিযুক্ত ইউনেস্কোর প্রতিনিধি ড. সুসান ভাইজের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকালে মন্ত্রী এই আগ্রহ প্রকাশ করেন। বুধবার সকালে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে মন্ত্রীর নিজ দপ্তরে এই দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ইউনেস্কোর প্রতিনিধি বাংলাদেশে সংস্থাটির চলমান বিভিন্ন কার্যক্রম সম্পর্কে মন্ত্রীকে বিস্তারিত অবহিত করেন।

ড. সুসান ভাইজ গণমাধ্যম সংশ্লিষ্ট নীতিমালা এবং বিশ্বজুড়ে উদ্বেগের কারণ হয়ে ওঠা ভুল তথ্য ও অপতথ্য রোধে ইউনেস্কোর ভূমিকা তুলে ধরেন। তিনি জানান যে বর্তমানে অপপ্রচারের চ্যালেঞ্জ মোকাবিলায় তথ্য যাচাই বা ফ্যাক্ট চেকিংয়ের ওপর ইউনেস্কো বিশেষ গুরুত্ব দিচ্ছে। এরই অংশ হিসেবে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।

ইউনেস্কোর এই উদ্যোগকে স্বাগত জানিয়ে তথ্যমন্ত্রী বলেন গণমাধ্যম সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে ইউনেস্কোর সঙ্গে সরকারের যৌথভাবে কাজ করার ব্যাপক সুযোগ রয়েছে। প্রযুক্তির এই যুগে তথ্যের স্বচ্ছতা বজায় রাখতে তিনি ইউনেস্কোর অভিজ্ঞতা ও দক্ষতাকে কাজে লাগানোর আহ্বান জানান। ইউনেস্কো প্রতিনিধি এ বিষয়ে সরকারকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। বৈঠকে আরও উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এবং সচিব মাহবুবা ফারজানা।

এস এম/ ২২ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language