এশিয়া

আইনশৃঙ্খলা রক্ষায় উত্তর কোরিয়া ও রাশিয়ার মধ্যে নতুন সহযোগিতা চুক্তি

পিয়ংইয়ং, ২২ এপ্রিল – রাশিয়া ও উত্তর কোরিয়া আইনশৃঙ্খলা রক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করতে পারস্পরিক সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের বিষয়ে একমত হয়েছে। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। মঙ্গলবার পিয়ংইয়ংয়ের অ্যাসেম্বলি হলে উত্তর কোরিয়ার জননিরাপত্তামন্ত্রী পাং টু-সপ এবং রাশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ভ্লাদিমির কোলোকলৎসেভের মধ্যে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়।

কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি জানিয়েছে যে বৈঠকে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর কাজের পরিধি বৃদ্ধি এবং অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে। দুই দেশের ঘনিষ্ঠ সম্পর্কের প্রতিফলন হিসেবে এই আলোচনা অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়। এর আগে গত সোমবার রুশ স্বরাষ্ট্রমন্ত্রী কোলোকলৎসেভ একটি বিশেষ সফরে পিয়ংইয়ং পৌঁছান।

গত এক দশকে মস্কো ও পিয়ংইয়ংয়ের মধ্যকার কূটনৈতিক ও সামরিক সম্পর্ক উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ২০২৪ সালে স্বাক্ষরিত একটি চুক্তির আওতায় দুই দেশ সমন্বিত কৌশলগত অংশীদারিত্ব প্রতিষ্ঠা করেছে। ওই চুক্তি অনুযায়ী যেকোনো এক দেশ তৃতীয় পক্ষের দ্বারা আক্রান্ত হলে অপর দেশ সামরিক সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে।

এদিকে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থার প্রতিবেদন অনুযায়ী ২০২৫ সালের আগস্টে ইউক্রেন যুদ্ধ চলাকালীন রাশিয়ার কুর্স্ক অঞ্চলে মাইন অপসারণে সহায়তার জন্য প্রায় এক হাজার সামরিক প্রকৌশলী পাঠিয়েছে উত্তর কোরিয়া। এর আগে রাশিয়ার পক্ষ হয়ে যুদ্ধে অংশ নিতে উত্তর কোরিয়া থেকে প্রায় ১৫ হাজার সেনা মোতায়েন করা হয়েছিল বলেও দাবি করা হয়েছে। দক্ষিণ কোরিয়ার তথ্যমতে ওই যুদ্ধে উত্তর কোরিয়ার প্রায় দুই হাজার সেনা নিহত হয়েছে।

এস এম/ ২২ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language