কেরানীগঞ্জে এক লাখ কেজি ভেজাল মধু জব্দ, কারখানা সিলগালা ও ৫ লাখ টাকা জরিমানা

ঢাকা, ২২ এপ্রিল – ঢাকার কেরানীগঞ্জে একটি নকল মধু তৈরির কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল মধু জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলার তেঘরিয়া ইউনিয়নের আব্দুল্লাহপুর এলাকার কলাকান্দি গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়। কেরানীগঞ্জ রাজস্ব সার্কেলের দক্ষিণ সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফতাব আহমেদ অভিযানে নেতৃত্ব দেন।
গোপন সংবাদের ভিত্তিতে বিসমিল্লাহ মধু ঘর ও মৌ খামার নামক কারখানায় এই অভিযান চালানো হয়। সেখানে চিনি, কৃত্রিম রং, ফ্লেভার এবং বিভিন্ন রাসায়নিক পদার্থ ব্যবহার করে অস্বাস্থ্যকর পরিবেশে মধু তৈরি করা হচ্ছিল। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, কারখানাটি থেকে প্রায় এক লাখ কেজি ভেজাল মধু জব্দ করা হয়েছে যা প্রায় দুই হাজার ড্রামে সংরক্ষিত ছিল।
এসব মধু অনলাইন এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে পাঠানো হতো। অভিযান শেষে কারখানাটি সিলগালা করে দেওয়া হয় এবং পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়। কারখানার মালিক হিজবুল্লাহ জরিমানার অর্থ পরিশোধে অপারগতা জানানোয় ম্যানেজারসহ তিনজনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। জনস্বার্থ রক্ষায় এই ধরনের অভিযান নিয়মিত চলবে বলেও জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এস এম/ ২২ এপ্রিল ২০২৬









