এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ২৫ হাজারের বেশি পরীক্ষার্থী

ঢাকা, ২১ এপ্রিল – দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে শুরু হওয়া এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে ২৫ হাজার ৪০৮ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ১১ হাজার ৮৯০ জন। একই দিনে মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত দাখিল পরীক্ষায় ১১ হাজার ২১১ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ভোকেশনাল পরীক্ষায় ২ হাজার ৩০৭ জন পরীক্ষার্থী অংশ নেয়নি।
মঙ্গলবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এবারের পরীক্ষার প্রথম দিনে সাধারণ শিক্ষা বোর্ডগুলোর অধীনে বাংলা প্রথম পত্র, মাদরাসা বোর্ডের অধীনে কোরআন মাজিদ ও তাজভীদ এবং কারিগরি বোর্ডের অধীনে বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরিসংখ্যানে দেখা গেছে, সাধারণ ৯টি বোর্ডে অনুপস্থিতির গড় হার ১ দশমিক ০৫ শতাংশ। ঢাকা বোর্ডে সর্বোচ্চ ২ লাখ ৯১ হাজার ৪৪৮ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নিয়েছে ২ লাখ ৮৮ হাজার ৭০২ জন।
এখানে অনুপস্থিত ছিল ২ হাজার ৭৪৬ জন এবং এক জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। অন্যান্য বোর্ডের মধ্যে রাজশাহী বোর্ডে ১ হাজার ৯৫৮ জন, কুমিল্লা বোর্ডে ১ হাজার ৪২৬ জন এবং যশোর বোর্ডে ১ হাজার ৪৪১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এছাড়া চট্টগ্রাম বোর্ডে ১ হাজার ৩ জন, সিলেটে ৬৭৪ জন, বরিশালে ৯১১ জন, ময়মনসিংহে ৭৫৩ জন এবং দিনাজপুর বোর্ডে পরীক্ষার্থীর অনুপস্থিতির হার ছিল ০ দশমিক ৮৩ শতাংশ।
মাদরাসা শিক্ষা বোর্ডে ২ লাখ ৫৪ হাজার ৯০৩ জন পরীক্ষার্থীর মধ্যে ২ লাখ ৪৩ হাজার ৬৯২ জন অংশগ্রহণ করে এবং সেখানে অনুপস্থিতির হার ৪ দশমিক ৪০ শতাংশ। কারিগরি শিক্ষা বোর্ডে অনুপস্থিত ছিল ২ হাজার ৩০৭ জন শিক্ষার্থী। সারা দেশের ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নিয়েছে দেশের প্রায় ৩০ হাজার শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা।
এস এম/ ২১ এপ্রিল ২০২৬









