হরমুজ প্রণালিতে স্বাভাবিক চলাচল ও যুদ্ধবিরতির আহ্বান শি জিনপিংয়ের

বেইজিং, ২১ এপ্রিল – চীনের প্রেসিডেন্ট শি জিনপিং হরমুজ প্রণালি ঘিরে উদ্ভূত উত্তেজনা নিরসনে উদ্যোগী হয়েছেন। সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে এক টেলিফোন সংলাপে তিনি মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত বন্ধ এবং গুরুত্বপূর্ণ এই নৌপথে স্বাভাবিক চলাচল ফিরিয়ে আনার জোরালো আহ্বান জানান। গত সোমবার অনুষ্ঠিত এই আলাপকালে শি জিনপিং উল্লেখ করেন যে, চীন অবিলম্বে একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির দাবি জানাচ্ছে।
সেই সঙ্গে ওই অঞ্চলে শান্তি পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে গৃহীত সকল প্রচেষ্টাকে বেইজিং সমর্থন করবে বলেও তিনি আশ্বস্ত করেন। তিনি দৃঢ়ভাবে জানান যে, বিদ্যমান সকল বিরোধ অবশ্যই রাজনৈতিক ও কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধান করা প্রয়োজন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, শি জিনপিং হরমুজ প্রণালিতে নিরাপদ নৌ চলাচল বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন।
তার মতে, এই নৌপথের নিরাপত্তা শুধু আঞ্চলিক দেশগুলোর জন্যই নয়, বরং আন্তর্জাতিক সম্প্রদায়ের অভিন্ন স্বার্থের সঙ্গে গভীরভাবে জড়িত। বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি সরবরাহ পথ হিসেবে স্বীকৃত হরমুজ প্রণালিকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে অস্থিরতা বৃদ্ধি পেয়েছে। এই পরিস্থিতিতে চীনের সর্বোচ্চ পর্যায়ের এই বার্তা অঞ্চলটিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
এস এম/ ২১ এপ্রিল ২০২৬









