জাতীয়

রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষায় জামায়াতের প্রশংসা করলেন এনসিপি নেত্রী মিতু

ঢাকা, ২১ এপ্রিল – বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের রাজনৈতিক প্রতিশ্রুতির জায়গাটি যথাযথভাবে রক্ষা করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক মাহমুদা আলম মিতু। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে ১১ দলীয় জোটের পক্ষ থেকে সংরক্ষিত নারী প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার পর আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এনসিপি ও জামায়াতকে ধন্যবাদ জানিয়ে মিতু বলেন, জোট মানেই হলো পারস্পরিক প্রতিশ্রুতি রক্ষা করা। দেশের ও জনগণের স্বার্থে একসঙ্গে কাজ করার যে অঙ্গীকার আমাদের ছিল, জামায়াত সেই প্রতিশ্রুতি ঠিক রেখেছে। তিনি আরও বলেন, দেশের অনেক বড় বড় রাজনৈতিক দল জোট গঠন করলেও পরবর্তীতে তারা প্রতিশ্রুতি বজায় রাখতে ব্যর্থ হয় এবং জোটের শরিকদের যথাযথ সম্মান প্রদান করে না।

তবে এই ক্ষেত্রে জামায়াতে ইসলামী সম্পূর্ণ ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছে। জুলাই বিপ্লবের প্রসঙ্গ টেনে এনসিপির এই নেত্রী জানান, তাদের এই পথচলায় শহীদ পরিবারের প্রতিনিধিত্ব হিসেবে শহীদ জাবিরের মা সাথে রয়েছেন যা অত্যন্ত গৌরবজনক। জোটের নারী প্রার্থীদের অভিজ্ঞতা ও সক্ষমতার ওপর আস্থা প্রকাশ করে তিনি বলেন, তারা ভবিষ্যতে নারীদের সামাজিক সুরক্ষা, স্বাস্থ্য ও শিশু অধিকার রক্ষায় জোরালো ভূমিকা পালন করবেন। সেই সাথে জনকল্যাণমূলক আইন প্রণয়নের ক্ষেত্রেও তারা সংসদে কার্যকর অবদান রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

এস এম/ ২১ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language