শিক্ষা

চট্টগ্রামে এসএসসি পরীক্ষা শুরু: ১ লাখ ৩০ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণ

চট্টগ্রাম, ২১ এপ্রিল – সারা দেশের ন্যায় চট্টগ্রামেও উৎসবমুখর পরিবেশে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে একযোগে এই পরীক্ষা শুরু হয়। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এবার পরীক্ষায় অংশ নিচ্ছে ১ লাখ ৩০ হাজার ৬৬৮ জন শিক্ষার্থী। এর মধ্যে ৫৬ হাজার ৩২৫ জন ছাত্র এবং ৭৪ হাজার ৩৪৩ জন ছাত্রী।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গতবারের তুলনায় এবার ছাত্র পরীক্ষার্থীর সংখ্যা কিছুটা কমেছে। শিক্ষা বোর্ডের তথ্যমতে, নিবন্ধিত হওয়া সত্ত্বেও বিভিন্ন কারণে ২৯ হাজার ৫৪২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়নি। ঝরে পড়া এসব শিক্ষার্থীদের মধ্যে বড় অংশই পাহাড়ি ও প্রত্যন্ত অঞ্চলের। পরীক্ষার প্রথম দিনে চট্টগ্রামের জামালখান এলাকার ডা. খাস্তগীর বালিকা বিদ্যালয় ও কাপাসগোলা সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন কেন্দ্রে দেখা গেছে শিক্ষার্থীদের উপচে পড়া ভিড়।

নির্ধারিত সময়ের আগে থেকেই অভিভাবকসহ কেন্দ্রে হাজির হয় পরীক্ষার্থীরা। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে চট্টগ্রাম শিক্ষা বোর্ড ৭৬টি ভিজিল্যান্স টিম গঠন করেছে। এর মধ্যে ৬৬টি সাধারণ এবং ১০টি বিশেষ টিম দায়িত্ব পালন করছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী জানিয়েছেন, অপ্রীতিকর ঘটনা রোধে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় কেন্দ্রের বাইরে অপেক্ষমাণ অভিভাবকদের চোখেমুখে ছিল উদ্বেগ ও আশার মিশ্রণ।

এস এম/ ২১ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language