ইসলামাবাদে সোমবার যুক্তরাষ্ট্র ও ইরানের দ্বিতীয় দফার গুরুত্বপূর্ণ বৈঠক

ইসলামাবাদ, ১৮ এপ্রিল – যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত নিরসনের লক্ষ্যে আগামী সোমবার দ্বিতীয় দফার দ্বিপক্ষীয় আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এই গুরুত্বপূর্ণ আলোচনার আয়োজন করা হয়েছে।
এর আগে গত শনিবার মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের স্পিকার বাঘের ঘালিবাফের নেতৃত্বে প্রথম দফার আলোচনা সম্পন্ন হয়।
সংবাদমাধ্যম সিএনএন ইরানের একটি সূত্রের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে।
সোমবারের এই আলোচনাকে সামনে রেখে প্রতিনিধিরা রোববারই ইসলামাবাদে পৌঁছাতে পারেন বলে ধারণা করা হচ্ছে। প্রথম দফার বৈঠকে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব না হলেও পাকিস্তানের মধ্যস্থতায় উভয় দেশ পুনরায় সংলাপে বসতে রাজি হয়েছে। যদিও আলোচনার সুনির্দিষ্ট সময় এখনও চূড়ান্ত করা হয়নি।
উল্লেখ্য যে টানা ৪০ দিন যুদ্ধের পর গত ৮ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। যুক্তরাষ্ট্রের বিশেষ চাপে ইসরায়েল এই যুদ্ধবিরতি মেনে নিতে সম্মত হয় এবং ইরানে হামলা বন্ধ করে দেয়। এরপর লেবাননের সঙ্গেও ইসরায়েলের ১০ দিনের যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়। এই ইতিবাচক পরিস্থিতির প্রেক্ষিতে তেহরান তাদের নিয়ন্ত্রিত হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করে দেওয়ার ঘোষণা দেয়।
এনএন/ ১৮ এপ্রিল ২০২৬









