শিক্ষা

সব স্তরের শিক্ষাবৃত্তির হার দ্বিগুণ করছে সরকার

ঢাকা, ১৮ এপ্রিল – দেশের প্রান্তিক ও মেধাবী শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সব স্তরের শিক্ষাবৃত্তির হার বাড়ানোর বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার।

বর্তমান বাজারমূল্য ও জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের সঙ্গে সঙ্গতি রেখে এই পরিকল্পনা গ্রহণ করেছে শিক্ষা মন্ত্রণালয়।

নতুন এই সিদ্ধান্তের ফলে দেশের প্রাথমিক থেকে স্নাতক পর্যন্ত সকল স্তরের মেধা ও সাধারণ শিক্ষাবৃত্তির হার দ্বিগুণ করা হবে। এতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাসিক অর্থের পরিমাণ ও এককালীন বার্ষিক অনুদান আগের তুলনায় বৃদ্ধি পাবে। দীর্ঘ এক দশক পর এই হার পুনঃনির্ধারণের ফলে সরকারের বাৎসরিক ব্যয় ১৮৪ কোটি টাকা থেকে বেড়ে প্রায় ৩৬৮ কোটি ১৬ লাখ টাকায় দাঁড়াবে। অর্থ বিভাগের বাজেট বরাদ্দ সাপেক্ষে এই সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়ন করা হবে বলে শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন, সরকারের এই সময়োপযোগী সিদ্ধান্তে একদিকে যেমন শিক্ষাখাতে ঝরে পড়ার হার হ্রাস পাবে, অন্যদিকে মেধাবীদের উচ্চশিক্ষায় আগ্রহী করতে এটি মাইলফলক হিসেবে কাজ করবে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্মসচিব মো. সাইদুর রহমান জানান, সম্প্রতি অনুষ্ঠিত এক পর্যালোচনা সভায় দেশের সব ধরনের শিক্ষাবৃত্তির হার দ্বিগুণ করার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। এই লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরকে একটি সংশোধিত ও পূর্ণাঙ্গ প্রস্তাব পাঠাতে বলা হয়েছে। মাউশির পক্ষ থেকে প্রস্তাবনা জমা দেওয়ার পর মন্ত্রণালয় থেকে নীতিগত অনুমোদন নিয়ে তা অর্থ বিভাগে পাঠানো হবে।

বিগত ৬ এপ্রিল অনুষ্ঠিত পর্যালোচনা সভায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন পিএসসি, জেএসসি, এসএসসি, এইচএসসি এবং স্নাতক পর্যায়ের বৃত্তির মাসিক হার ও বার্ষিক অনুদান দ্বিগুণ করার বিষয়ে ঐকমত্য পোষণ করা হয়। সভায় জানানো হয়, সর্বশেষ ২০১৫ থেকে ১৬ অর্থবছরে শিক্ষাবৃত্তির হার নির্ধারণ করা হয়েছিল। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর গত ২ এপ্রিল শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সংশ্লিষ্টদের এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ প্রদান করেন।

প্রস্তাবনা অনুযায়ী, প্রাথমিক স্তরে মেধাবৃত্তির হার মাসিক ৩০০ টাকা থেকে বাড়িয়ে ৬০০ টাকা এবং সাধারণ বৃত্তি ২২৫ টাকা থেকে বাড়িয়ে ৪৫০ টাকা করা হবে। একইভাবে এসএসসির মেধাবৃত্তি মাসিক ৬০০ টাকার পরিবর্তে ১ হাজার ২০০ টাকা এবং সাধারণ বৃত্তি ৩৫০ টাকার পরিবর্তে ৭০০ টাকা করার পরিকল্পনা রয়েছে। এছাড়া এইচএসসির মেধাবৃত্তির হার ৮২৫ টাকা থেকে বেড়ে ১ হাজার ৬৫০ টাকা হচ্ছে। মাসিক বৃত্তির পাশাপাশি বার্ষিক এককালীন অনুদানও দ্বিগুণ করা হচ্ছে।

মাউশি অধিদপ্তর জানিয়েছে, সাধারণ বৃত্তি ছাড়াও সংখ্যালঘু সম্প্রদায়, উপজাতি এবং প্রতিবন্ধী শিক্ষার্থীদের বিশেষ উপবৃত্তির ক্ষেত্রেও এই বর্ধিত হার কার্যকর হবে। বর্তমানে প্রাথমিক থেকে স্নাতক পর্যন্ত মোট ১ লাখ ৬৯ হাজার ৬৫৯ জন শিক্ষার্থী বিভিন্ন ক্যাটাগরিতে সরকারি বৃত্তি পাচ্ছেন।

এনএন/ ১৮ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language