মধ্যপ্রাচ্য

লেবানন ও ইসরায়েলের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের

ওয়াশিংটন, ১৬ এপ্রিল – লেবানন ও ইসরায়েলের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের সঙ্গে আলোচনার পর তিনি এই ঘোষণা দেন।

বাংলাদেশ সময় শুক্রবার ভোর ৩টা থেকে দুই দেশের মধ্যে এই সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হবে।

নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশালে এক বার্তায় ডোনাল্ড ট্রাম্প জানান যে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে উভয় দেশের নেতার সঙ্গে তার ফলপ্রসূ আলোচনা হয়েছে। এর ভিত্তিতেই আনুষ্ঠানিকভাবে ১০ দিনের এই যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ট্রাম্প আরও উল্লেখ করেন যে গত মঙ্গলবার ওয়াশিংটনে দীর্ঘ ৩৪ বছর পর প্রথমবারের মতো দুই দেশের প্রতিনিধিরা দ্বিপক্ষীয় বৈঠকে বসেন। ওই বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও উপস্থিত ছিলেন। এই শান্তি প্রক্রিয়াকে দীর্ঘস্থায়ী করতে ট্রাম্প মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী রুবিও এবং জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান ড্যান কেইনকে বিশেষ নির্দেশনা প্রদান করেছেন।

ডোনাল্ড ট্রাম্প তার বক্তব্যে দাবি করেন যে তিনি ইতিমধ্যে বিশ্বের নয়টি যুদ্ধ পরিস্থিতির সমাধান করেছেন এবং লেবানন ও ইসরায়েলের এই যুদ্ধবিরতিকে তিনি তার দশম সফলতা হিসেবে দেখছেন।

এনএন/ ১৬ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language