ইসরায়েলি বিমান হামলায় দক্ষিণ লেবাননের গুরুত্বপূর্ণ কাসমিয়েহ সেতু ধ্বংস

বৈরুত, ১৬ এপ্রিল – দক্ষিণ লেবাননের সঙ্গে দেশের অন্যান্য অংশের সংযোগকারী একটি গুরুত্বপূর্ণ সেতু ইসরায়েলি বিমান হামলায় ধ্বংস হয়ে গেছে। বৃহস্পতিবার লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ জানায়, যুদ্ধবিমান থেকে পরপর দুটি হামলা চালিয়ে টাইর ও সিডন শহরকে সংযুক্ত করা কাসমিয়েহ সেতুটি লক্ষ্যবস্তু করা হয়। এতে সেতুটি পুরোপুরি ভেঙে পড়েছে। এর আগে একই এলাকায় একটি ড্রোন হামলা চালানো হয়েছিল বলে রাষ্ট্রীয় সংবাদ সংস্থাটি নিশ্চিত করেছে।
কাসমিয়েহ সেতুটি দক্ষিণ লেবাননের অন্যতম কৌশলগত অবকাঠামো হিসেবে বিবেচিত। এটি পশ্চিম, মধ্য ও পূর্বাঞ্চলের মধ্যে যোগাযোগের গুরুত্বপূর্ণ পথ হিসেবে ব্যবহৃত হতো। আগেও ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত হওয়া এই সেতুটি সাম্প্রতিক হামলায় পুরোপুরি ধ্বংস হয়ে গেল।
লেবাননের গণমাধ্যমের দাবি অনুযায়ী, ২০২৪ সালের নভেম্বরে যুদ্ধবিরতি চুক্তি থাকলেও ইসরায়েল বিভিন্ন এলাকায় হামলা অব্যাহত রেখেছে। লেবাননের স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্যমতে, চলমান সংঘাতে এখন পর্যন্ত ২ হাজার ১৬০ জনের বেশি মানুষ নিহত এবং ১০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
এস এম/ ১৬ এপ্রিল ২০২৬









