জাতীয়

বিকল্প শ্রমবাজার সন্ধানে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে: প্রধানমন্ত্রী

ঢাকা, ১৫ এপ্রিল – ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে চলমান অস্থিরতার প্রেক্ষিতে বিকল্প নতুন শ্রমবাজারের সন্ধানে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য মো. আশরাফ উদ্দিনের এক প্রশ্নের লিখিত জবাবে তিনি এ তথ্য প্রদান করেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অধিবেশনে প্রধানমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে বিকল্প শ্রমবাজার সম্প্রসারণের অংশ হিসেবে ইউরোপসহ অন্যান্য অঞ্চলের দেশগুলোর সাথে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এই তালিকায় সার্বিয়া, গ্রিস, নর্থ মেসিডোনিয়া, রোমানিয়া, পর্তুগাল, ব্রাজিল ও রাশিয়ার মতো দেশগুলো রয়েছে। এসব দেশের সাথে জনশক্তি রপ্তানির লক্ষ্যে দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষরের প্রক্রিয়া চলছে। মধ্যপ্রাচ্যের বাইরের দেশগুলোতে কর্মী নিয়োগ বাড়াতে উচ্চপর্যায়ের সফরের পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি বিদেশের দূতাবাসগুলোকে নিয়মিত নতুন বাজার অনুসন্ধান এবং পেশাভিত্তিক চাহিদার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন যে, বিদেশি মিশনগুলোর সুপারিশের ভিত্তিতে প্রয়োজন হলে স্থানীয় লবিস্ট বা বিশেষজ্ঞ প্রতিষ্ঠানও নিয়োগ দেওয়া হবে।

এছাড়া মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত করতে কাজ চলছে এবং থাইল্যান্ডের সাথে কর্মী নিয়োগ সংক্রান্ত চুক্তির প্রস্তুতি নেওয়া হয়েছে। জাপানে বাংলাদেশি কর্মীদের ক্রমবর্ধমান চাহিদার কথা উল্লেখ করে তিনি বলেন, সেখানে দক্ষ জনবল পাঠাতে জাপানি ভাষা ও কারিগরি প্রশিক্ষণের পরিধি বাড়ানো হয়েছে। বর্তমানে দেশের ৫৩টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে জাপানি ভাষা শেখানো হচ্ছে এবং একইসাথে রুশ, আরবি, জার্মান ও ইতালিয়ান ভাষার প্রশিক্ষক নিয়োগের কার্যক্রমও চলমান রয়েছে।

এস এম/ ১৫ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language