জাতীয়

ভারতের সমর্থনকে উদার দৃষ্টিভঙ্গির প্রকাশ বললেন স্পিকার হাফিজ উদ্দিন

ঢাকা, ১৩ এপ্রিল – জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে সভাপতি পদে মনোনয়নের ক্ষেত্রে ভারতের সমর্থনকে সহযোগী ও উদার দৃষ্টিভঙ্গির প্রকাশ হিসেবে আখ্যায়িত করেছেন।

সোমবার সংসদ ভবনে ভারতের বিদায়ী হাই কমিশনার প্রণয় ভার্মা স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ মন্তব্য করেন।

সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক, অর্থনৈতিক সহযোগিতা, কানেক্টিভিটি এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির বিষয়ে ইতিবাচক ও গঠনমূলক আলোচনা হয়েছে।

স্পিকার বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ভারত সর্বতোভাবে সহায়তা করার মাধ্যমে দুই দেশের মধ্যে একটি শক্তিশালী সম্পর্কের ভিত্তি রচিত হয়। ভারত বাংলাদেশের সবচেয়ে কাছের প্রতিবেশী। জাতিসংঘে বাংলাদেশের প্রার্থীকে ভারতের সমর্থন সেই গভীর সম্পর্কেরই প্রতিফলন।

বর্তমান সংসদ অত্যন্ত প্রাণবন্ত উল্লেখ করে স্পিকার জানান, সংসদে বিরোধী দল সক্রিয় ভূমিকা পালন করছে। দুই দেশের মধ্যে সংসদীয় সম্পর্ক জোরদার করতে সহযোগিতার ক্ষেত্রগুলো চিহ্নিত করে পদক্ষেপ নেওয়ার ওপর তিনি গুরুত্বারোপ করেন। জবাবে প্রণয় ভার্মা বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে সেতুবন্ধনে সংসদীয় মৈত্রী গ্রুপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সংসদীয় প্রতিনিধি দলের দ্বিপক্ষীয় সফর বিনিময়ের মাধ্যমে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। স্পিকার নির্বাচিত হওয়ায় হাফিজ উদ্দিন আহমদকে তিনি অভিনন্দন জানান এবং ভারত সরকারের পক্ষ থেকে ভারতের সংবিধান ও একটি শুভেচ্ছা স্মারক উপহার দেন।

বৈঠকে ঢাকার ভারতীয় হাই কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এনএন/ ১৩ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language