জাতীয়

শাহবাগের অসহায় গোলাপি বেগমকে বাড়ি উপহার দিচ্ছেন তারেক রহমান

ঢাকা, ১৭ এপ্রিল – রাজধানীর শাহবাগের ফুটপাতে বসবাসকারী অসহায় নারী গোলাপি বেগমের পাশে দাঁড়িয়েছেন আমরা বিএনপি পরিবার সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান। শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর গ্রামে গোলাপি বেগমের জন্য একটি নতুন বাড়ি নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। আমরা বিএনপি পরিবার এর উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এই নির্মাণ কাজের উদ্বোধন করেন।

সংগঠনের সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন জানান যে চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে ২০২৫ সালে আয়োজিত ছাত্রদলের এক সমাবেশের সময় শাহবাগের ফুটপাতে বসবাসকারী গোলাপি বেগমের মানবেতর জীবনের বিষয়টি তারেক রহমানের নজরে আসে। মানবিক কারণে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার জন্য তিনি তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে নির্দেশনা দেন। এরপর গোলাপি বেগমের চিকিৎসা ও পুনর্বাসনের উদ্যোগ গ্রহণ করা হয়। দীর্ঘ আট মাস ধরে ঢাকায় একটি বাসায় তার চিকিৎসার পাশাপাশি বসবাসের ব্যবস্থা করা হয়। একই সঙ্গে তাকে স্থায়ীভাবে পুনর্বাসিত করতে নতুন একটি বাড়ি তৈরির নির্দেশ দেন বিএনপির এই শীর্ষ নেতা।

বাড়ি নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আবদুল মান্নান এবং সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। উপস্থিত নেতৃবৃন্দ বলেন যে সমাজের অবহেলিত ও অসহায় মানুষের কল্যাণে কাজ করাই এই সংগঠনের মূল লক্ষ্য। তারেক রহমানের নির্দেশনায় এই ধরনের মানবিক সহায়তা ও পুনর্বাসন কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের কর্মীরা উপস্থিত ছিলেন।

এস এম/ ১৭ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language