আইনি প্রক্রিয়ায় শেখ হাসিনাকে দেশে ফেরানো হবে: পররাষ্ট্র উপদেষ্টা

ঢাকা, ১৩ এপ্রিল – ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি মন্তব্য করেছেন, বাংলাদেশে বর্তমানে আওয়ামী লীগ ও শেখ হাসিনা বলতে আর কোনো কিছুর অস্তিত্ব নেই। সোমবার ১৩ এপ্রিল সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
প্রতিবেশী রাষ্ট্র ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা জানান, ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক ইতিবাচক দিকে এগিয়ে নিতে হলে উভয় পক্ষকেই আন্তরিক হতে হবে। দুই দেশের মধ্যে একটি নতুন ও ভালো শুরুর প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। পাশাপাশি, আইনি প্রক্রিয়া অনুসরণ করে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনা হবে বলেও নিশ্চিত করেছেন হুমায়ুন কবির।
বর্তমান বিএনপি নেতৃত্বাধীন সরকার প্রসঙ্গে তিনি বলেন, সরকার দেশের সার্বিক জাতীয় স্বার্থ রক্ষায় নিরলস কাজ করে যাবে। জনগণের সরাসরি ম্যান্ডেট থাকায় আন্তর্জাতিক পরিমণ্ডলেও সরকার বর্তমানে আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী ও সুদৃঢ় অবস্থান গ্রহণ করতে সক্ষম হয়েছে।
এস এম/ ১৩ এপ্রিল ২০২৬









