যুক্তরাষ্ট্রকে আইআরজিসি কুদস ফোর্সের হুঁশিয়ারি

তেহরান, ১৩ এপ্রিল – হরমুজ প্রণালীতে মার্কিন বাহিনীর মাইন অপসারণ অভিযানের মধ্যেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পসের কুদস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কানি। তিনি স্পষ্ট জানিয়েছেন, এই অঞ্চলে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের শাসন ব্যবস্থাকে কোনো ধরনের সাফল্য ছাড়াই বিদায় নিতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি উল্লেখ করেন, প্রতিরোধের সমন্বিত ফ্রন্ট পুরো অঞ্চলজুড়ে একটি শক্তিশালী অবস্থান তৈরি করেছে যা মানবতার শত্রুদের মোকাবিলা করার জন্য সর্বদা প্রস্তুত রয়েছে।
ইয়েমেন, বাব এল মানদেব এবং লোহিত সাগর থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কীভাবে খালি হাতে পালিয়েছিল, তা তাদের স্মরণ রাখা উচিত বলে মন্তব্য করেন এই সামরিক কর্মকর্তা। হরমুজ প্রণালী সচল করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে বাহিনীর মাইন অপসারণ অভিযান শুরুর ঘোষণার পরপরই আইআরজিসি জেনারেলের এই কড়া প্রতিক্রিয়া সামনে আসে। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, তারা মূলত ইরানের বন্দরে চলাচলকারী জাহাজগুলোকে লক্ষ্য করে নৌ অবরোধের ঘোষণা দিয়েছে।
তবে আন্তর্জাতিক যেসব জাহাজ ইরানে যাতায়াত করছে না, সেগুলো প্রণালীতে অবাধে চলাচল করতে পারবে। অন্যদিকে তেহরান বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক জোহরে খারাজমি জানিয়েছেন, হরমুজ প্রণালীর ওপর নিজেদের সার্বভৌম নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় ইরান দৃঢ়প্রতিজ্ঞ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, হরমুজ প্রণালীতে কোন দেশের জাহাজ চলাচল করবে বা ইরান কার সাথে কেমন আচরণ করবে, তা নির্ধারণ করার কোনো অধিকার যুক্তরাষ্ট্রের নেই।
তিনি জানান, ইরান ইতোমধ্যেই প্রমাণ করেছে যে তারা বন্ধু ও শত্রুদের সাথে সমান আচরণ করে না। এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে পাকিস্তানি, ইরাকি এবং কিছু চীনা ও ফরাসি জাহাজের যাতায়াতের উদাহরণ টেনে তিনি বলেন, যারা ইরানের সাথে বন্ধুত্বপূর্ণ সমঝোতা ও চুক্তিতে আবদ্ধ হচ্ছে তারা অনেক বেশি সুবিধা ভোগ করছে।
মার্কিন অবরোধের বৈশ্বিক পরিণতি সম্পর্কে সতর্ক করে খারাজমি আরও বলেন, হরমুজ প্রণালীর সাথে সার, হিলিয়ামসহ অনেক গুরুত্বপূর্ণ উপকরণের সরবরাহ যুক্ত রয়েছে। ফলে এই ধরনের অবরোধ বিশ্বজুড়ে পুরো শিল্প খাতকে ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখে। পরিস্থিতি মোকাবিলায় ইরান দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলেও তিনি নিশ্চিত করেন।
এস এম/ ১৩ এপ্রিল ২০২৬









