জাতীয়

হরমুজ প্রণালিতে আটকে পড়া বাংলাদেশি জাহাজ ছাড়াতে সহযোগিতা করবে ইরান

ঢাকা, ১২ এপ্রিল – বাংলাদেশে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদী জানিয়েছেন, যুদ্ধ পরিস্থিতির কারণে হরমুজ প্রণালিতে আটকে পড়া বাংলাদেশি জাহাজগুলো দ্রুত পারাপারের ব্যবস্থা করা হবে। এ বিষয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করে ইরান প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবে। রবিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় বিপ্লবী ছাত্র পরিষদ আয়োজিত এক শোক সমাবেশ ও যুদ্ধাপরাধ বিরোধী প্রদর্শনীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আশ্বাস দেন।

ইসলামী প্রজাতন্ত্র ইরানের শহীদ শিক্ষার্থীদের স্মরণ এবং মার্কিন ও ইসরায়েলি যুদ্ধাপরাধের বিচার ও জবাবদিহিতা দাবি শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের সঙ্গে ইরানের সম্পর্ক অত্যন্ত ভালো এবং বাংলাদেশ একটি ভ্রাতৃপ্রতিম দেশ। তাদের সঙ্গে ইরানের কোনো বিরোধ নেই। এ সময় তিনি ইরানের শিক্ষাপ্রতিষ্ঠান ও হাসপাতালে মার্কিন এবং ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানান।

তিনি আরও উল্লেখ করেন, হাসপাতালে হামলা চালিয়ে সাধারণ মানুষ এবং স্কুলে হামলা চালিয়ে নিষ্পাপ শিশুদের হত্যা করা হয়েছে। ইরান এ ধরনের গণহত্যার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে। ইরান কখনো যুদ্ধ চায় না কারণ এতে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়। তবে আমেরিকা এবং ইসরায়েল এই যুদ্ধ বন্ধ হতে দিতে চায় না বলেও তিনি মন্তব্য করেন। একইসঙ্গে এই প্রতিবাদী কর্মসূচি পালনের জন্য তিনি আয়োজকদের ধন্যবাদ জানান।

এস এম/ ১২ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language