জাতীয়

ভোক্তা পর্যায়ে লিটারে প্রায় ২৫ টাকা বাড়ল ফার্নেস অয়েলের দাম

ঢাকা, ১২ এপ্রিল – ভোক্তা পর্যায়ে ফার্নেস অয়েলের দাম উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। প্রতি লিটার ফার্নেস অয়েলের দাম ২৪ টাকা ৫৯ পয়সা বাড়িয়ে ৯৪ টাকা ৬৯ পয়সা নির্ধারণ করা হয়েছে। এর আগে প্রতি লিটারের দাম ছিল ৭০ টাকা ১০ পয়সা। নতুন এই নির্ধারিত মূল্য আজ মধ্যরাত থেকেই কার্যকর হবে বলে জানানো হয়েছে। রবিবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বা বিইআরসি নতুন এই দামের ঘোষণা দেয়।

বাংলাদেশ জ্বালানি নিয়ন্ত্রণ কমিশন আইন ২০০৩ এর ধারা ৩৪ এর উপধারা ৪ এবং ৬ অনুযায়ী এই মূল্য সমন্বয় করা হয়েছে। মূলত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন এবং অন্যান্য তেল বিপণনকারী প্রতিষ্ঠানগুলোর দেওয়া প্রস্তাবের ভিত্তিতে একটি গণশুনানি অনুষ্ঠিত হয়। এরপর বিস্তারিত পর্যালোচনার মাধ্যমে দাম বাড়ানোর এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।

পূর্বের এক আদেশ অনুযায়ী প্রতি তিন মাস অন্তর বা প্রয়োজন সাপেক্ষে ফার্নেস অয়েলের মূল্য সমন্বয়ের বিধান রয়েছে। সেই ধারাবাহিকতায় চলতি বছরের মার্চ মাসে অপরিশোধিত তেল আমদানি না হওয়ায় আন্তর্জাতিক বাজারে পরিশোধিত ফার্নেস অয়েলের গড় মূল্য এবং মার্কিন ডলারের বিনিময় হার বিবেচনা করে নতুন এই দাম নির্ধারণ করেছে কমিশন।

এস এম/ ১২ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language