মধ্যপ্রাচ্যে উত্তেজনার জেরে শাহজালাল বিমানবন্দর থেকে ১০৬০ ফ্লাইট বাতিল

ঢাকা, ১২ এপ্রিল – মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও নিরাপত্তা পরিস্থিতির কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মোট এক হাজার ৬০টি ফ্লাইট বাতিল করা হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে রবিবার পর্যন্ত এসব ফ্লাইট বাতিল করা হয়। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক কাওছার মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে নিরাপত্তা সংকটের কারণে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার এবং জর্ডান তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করে।
এই উদ্ভূত পরিস্থিতির কারণেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইটগুলো বাতিল করতে হয়েছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, ২৮ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত ৩৩৯টি ফ্লাইট বাতিল হয়। এরপর ১০ মার্চ থেকে ১৯ মার্চ পর্যন্ত ২৭৫টি, ২০ মার্চ থেকে ২৯ মার্চ পর্যন্ত ২২৬টি, ৩০ মার্চ থেকে ৮ এপ্রিল পর্যন্ত ১৬০টি এবং ৯ এপ্রিল থেকে ১২ এপ্রিল পর্যন্ত ৬০টি ফ্লাইট বাতিল করা হয়েছে। কর্তৃপক্ষের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট বাতিলের এই ধারাবাহিকতা অব্যাহত থাকতে পারে।
এস এম/ ১২ এপ্রিল ২০২৬









