জাতীয়

সশস্ত্র বাহিনীর দরবারে পেশাদারিত্ব ও শৃঙ্খলার প্রশংসা প্রধানমন্ত্রী তারেক রহমানের

ঢাকা, ১২ এপ্রিল – ঢাকা সেনানিবাসের সেনাপ্রাঙ্গণ মিলনায়তনে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যদের উদ্দেশে প্রধানমন্ত্রী তারেক রহমানের দরবার অনুষ্ঠিত হয়েছে। রবিবার অনুষ্ঠিত এই দরবারে তিনি সশস্ত্র বাহিনীর পেশাদারিত্ব, শৃঙ্খলা এবং দেশের সার্বিক নিরাপত্তা রক্ষায় তাদের ভূমিকার প্রশংসা করেন।

অনুষ্ঠানস্থলে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান তার প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, তিন বাহিনীর প্রধান এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার। দরবারে প্রধানমন্ত্রী গত ২০২৪ সালের আগস্ট পরবর্তী সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সশস্ত্র বাহিনীর বিশেষ প্রশংসা করেন।

এছাড়া তিনি বাহিনীর আধুনিকায়ন এবং সক্ষমতা বৃদ্ধিতে বর্তমান সরকারের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। প্রধানমন্ত্রী সকল সদস্যকে দলমতের ঊর্ধ্বে থেকে দেশের সার্বভৌমত্ব ও সংবিধানের মর্যাদা সমুন্নত রাখা এবং জনগণের আস্থা অটুট রাখার নির্দেশনা প্রদান করেন। দরবারে ঢাকায় অবস্থানরত সামরিক ও অসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং অন্যান্য স্থানের সদস্যরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন।

এস এম/ ১২ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language