দক্ষিণ এশিয়া

পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা: কারিগরি পর্যায়ে খসড়া বিনিময়

ইসলামাবাদ, ১২ এপ্রিল – পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে টানা ১৪ ঘণ্টার উচ্চপর্যায়ের আলোচনা শেষ হয়েছে। এই আলোচনার পর পুরো প্রক্রিয়াটি এখন কারিগরি পর্যায়ে পৌঁছেছে। উভয় পক্ষ বর্তমানে লিখিত প্রস্তাব ও বিশেষজ্ঞ পর্যায়ের খসড়া বিনিময় করছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় ইরান সরকারের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ওই বার্তায় জানানো হয়, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত এই উচ্চপর্যায়ের বৈঠক শেষে দুই দেশের কারিগরি দল বিস্তারিত প্রস্তাব নিয়ে কাজ করছে। কিছু বিষয়ে এখনও মতপার্থক্য থাকলেও আলোচনা অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মাধ্যমে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে, গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে মতবিরোধ কমিয়ে আনতে আলোচনা এখন চূড়ান্ত রূপরেখা তৈরির পথে অগ্রসর হচ্ছে।

মধ্যপ্রাচ্যে একটি টেকসই যুদ্ধবিরতি এবং আঞ্চলিক উত্তেজনা প্রশমনের মূল লক্ষ্যে পাকিস্তান এই প্রক্রিয়ায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। কয়েক সপ্তাহের পরোক্ষ ও কূটনৈতিক প্রচেষ্টার পর এই আলোচনা বর্তমানে একটি কাঠামোগত রূপ পেয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, এই পর্যায়ে কারিগরি, রাজনৈতিক ও নিরাপত্তাসংক্রান্ত প্রস্তাবগুলোর ওপর সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করা হচ্ছে। সামগ্রিক পরিস্থিতির ওপর নজর রাখছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।

এস এম/ ১২ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language