কুয়েতে হামলার দায় অস্বীকার করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে দুষল ইরান

তেহরান, ১০ এপ্রিল – যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এখন পর্যন্ত ইরানের সশস্ত্র বাহিনী অন্য কোনো দেশের ওপর কোনো ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালায়নি বলে নিশ্চিত করেছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর বা আইআরজিসি। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফারস প্রকাশিত এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।
কুয়েতের আধাসামরিক বাহিনী ন্যাশনাল গার্ডের একটি স্থাপনায় সাম্প্রতিক ড্রোন হামলার খবরের প্রতিক্রিয়ায় আইআরজিসির পক্ষ থেকে এই বিবৃতি দেওয়া হয়েছে। আইআরজিসি তাদের বিবৃতিতে উল্লেখ করেছে যে, গণমাধ্যমে প্রকাশিত কুয়েতে হামলার খবর যদি সত্য হয়ে থাকে, তবে এর পেছনে নিশ্চিতভাবে ইসরায়েল অথবা আমেরিকার ইন্ধন রয়েছে।
পাশাপাশি সংস্থাটি জোর দিয়ে বলেছে, ইরানের সশস্ত্র বাহিনী ভবিষ্যতে যদি কোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানে, তবে তা গোপন রাখা হবে না, বরং আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে সাহসের সঙ্গে বিশ্ববাসীকে জানিয়ে দেওয়া হবে।
এস এম/ ১০ এপ্রিল ২০২৬







