সুনামগঞ্জ

দিরাইয়ে পৃথক দুটি সংঘর্ষে নিহত ২, আহত অন্তত ১৮

সুনামগঞ্জ, ৯ এপ্রিল – সুনামগঞ্জের দিরাই উপজেলার রফিনগর ও সাদিরপুর গ্রামে পৃথক দুটি সংঘর্ষের ঘটনায় দুজন নিহত এবং অন্তত ১৮ জন আহত হয়েছেন।

বুধবার সন্ধ্যার পর এই রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

পুলিশ ও স্থানীয়দের দেওয়া তথ্যমতে, বুধবার বিকেলে সাদিরপুর গ্রামে মোশাহিদ মিয়ার ধান শুকানোর খলার ওপর দিয়ে হোসাইন আহমেদের লোকজন একটি ট্রলি চালিয়ে নিয়ে যান। এই ঘটনাকে কেন্দ্র করে সন্ধ্যার পর উভয় পক্ষের মধ্যে প্রথমে তীব্র বাগবিতণ্ডা হয় এবং একপর্যায়ে তা বড় ধরনের সংঘর্ষে রূপ নেয়।

এ সময় প্রতিপক্ষের ছোঁড়া টেঁটার আঘাতে মোশাহিদ মিয়ার পক্ষের আহাদ নুর গুরুতর আহত হন। তিনি একই গ্রামের আব্দুল হামিদের ছেলে। পরে তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়।

অন্যদিকে প্রায় একই সময়ে রফিনগর গ্রামে আশরাফ উদ্দিনের একটি রাজহাঁস খাওয়াকে কেন্দ্র করে শফিক মিয়ার লোকজনের সঙ্গে আরেকটি সংঘর্ষ বাধে। এই সংঘর্ষে আশরাফ উদ্দিনের পক্ষের গিয়াস উদ্দিন প্রাণ হারান। নিহত গিয়াস উদ্দিন রফিনগর ইউনিয়নের মৃত তাহের আলীর ছেলে।

এ বিষয়ে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক চৌধুরী জানান, রফিনগর ও সাদিরপুর গ্রামে আলাদা দুটি সংঘর্ষের ঘটনায় দুজন নিহত হয়েছেন। এছাড়া আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। খবর পাওয়ার পরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এনএন/ ৯ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language