জাতীয়

মার্চে দেশে সর্বোচ্চ প্রবাসী আয়, এপ্রিলেও অব্যাহত ইতিবাচক ধারা

ঢাকা, ৮ এপ্রিল – চলতি বছরের মার্চ মাসে প্রবাসী আয়ের ক্ষেত্রে বাংলাদেশ নতুন মাইলফলক স্পর্শ করেছে। এই মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৩৭৫ কোটি মার্কিন ডলার, যা দেশের ইতিহাসে একক কোনো মাসে সর্বোচ্চ রেমিট্যান্স আসার রেকর্ড।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এর আগে একক মাসে সর্বোচ্চ ৩২৯ কোটি ৫৬ লাখ ডলার এসেছিল। রেমিট্যান্স আসার এই ইতিবাচক ধারা চলতি এপ্রিল মাসেও অব্যাহত রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যানে দেখা যায়, এপ্রিলের প্রথম সাত দিনেই দেশে এসেছে ৮৩ কোটি ৩০ লাখ ডলার।

বর্তমান বাজারদর অনুযায়ী প্রতি ডলার ১২০ টাকা হিসেবে টাকার অঙ্কে এর পরিমাণ প্রায় ১০ হাজার ৪০ কোটি ৬০ লাখ টাকা। গত বছরের ঠিক একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ৬৩ কোটি ৬০ লাখ ডলার। সেই হিসেবে গত বছরের একই সময়ের তুলনায় চলতি মাসের প্রথম সপ্তাহে দেশে ১৮ কোটি ৭০ লাখ ডলার বেশি এসেছে। টাকার অঙ্কে এই বৃদ্ধির পরিমাণ ২ হাজার ২৮১ কোটি ৪০ লাখ টাকার বেশি।

খাত সংশ্লিষ্টরা বলছেন, মধ্যপ্রাচ্যে চলমান নানা অস্থিরতার কারণে আন্তর্জাতিক বাজারে মার্কিন ডলারের চাহিদা বৃদ্ধি পেয়েছে। স্থানীয় মুদ্রার বিপরীতে ডলারের বিনিময় হার বেড়ে যাওয়ায় প্রবাসীরা এখন দেশে অর্থ পাঠিয়ে আগের চেয়ে বেশি টাকা পাচ্ছেন। ফলে বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর প্রবণতাও বৃদ্ধি পেয়েছে।

তবে অর্থনীতিবিদরা সতর্ক করে জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের এই সংকট দীর্ঘস্থায়ী হলে বাংলাদেশের অর্থনীতিতে তার নেতিবাচক প্রভাব পড়তে পারে। তাই যেকোনো ধরনের সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী অবস্থানে রাখার পরামর্শ দিয়েছেন তারা।

এনএন/ ৮ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language