ইস্টার সানডে উপলক্ষে প্রোটেস্ট্যান্ট চার্চ নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

ঢাকা, ৫ এপ্রিল – খ্রিষ্টান সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ইস্টার সানডে বা যিশু খ্রিস্টের পুনরুত্থান দিবস উপলক্ষে প্রোটেস্ট্যান্ট চার্চের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার বেলা পৌনে ১২টার দিকে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। সারা বিশ্বের মতো বাংলাদেশেও যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ইস্টার সানডে পালিত হচ্ছে।
দিনের শুরুতে রাজধানী ঢাকার বিভিন্ন গির্জায় বিশেষ উপাসনা ও প্রার্থনার আয়োজন করা হয়। ভক্তরা দেশ ও জাতির মঙ্গল কামনায় প্রার্থনা করেন। নতুন জীবনের প্রতীক হিসেবে শিশুরা রঙিন ডিম বা ইস্টার এগ বিনিময় করে এবং দিনটি উপলক্ষে গির্জাগুলোতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অন্যদিকে, রবিবার রাজধানীর ভাটারায় ইস্টার সানডে উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি বলেন, দেশে কিছু সুনির্দিষ্ট রাজনৈতিক শক্তি ধর্মকে সামনে রেখে স্বার্থের রাজনীতি করতে চায়। তবে বাংলাদেশের হাজার বছরের সামাজিক প্রেক্ষাপটে ধর্ম নিয়ে বিভাজন তৈরির কোনো সুযোগ নেই।
এস এম/ ৫ এপ্রিল ২০২৬









