যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধবিমান-ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

তেহরান, ৪ এপ্রিল – একই দিনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অন্তত দুটি যুদ্ধবিমান, তিনটি ড্রোন এবং দুটি মিসাইল ভূপাতিত করার দাবি করেছে ইরানের সশস্ত্র বাহিনী। শুক্রবার এসব অত্যাধুনিক যুদ্ধ সরঞ্জাম ভূপাতিত করা হয়। এই দিনটিকে মার্কিন ও ইসরায়েলি বিমান বাহিনীর জন্য কালো দিন হিসেবে আখ্যায়িত করেছে তেহরান। শনিবার প্রকাশিত এক বিবৃতিতে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর বা আইআরজিসি এর জনসংযোগ শাখা বিভিন্ন প্রদেশে সংঘটিত একাধিক সফল প্রতিরোধ অভিযানের বিস্তারিত তথ্য তুলে ধরে।
বিবৃতিতে উল্লেখ করা হয়, আইআরজিসির অ্যারোস্পেস ডিফেন্স ফোর্স খোমেইন ও জানজান আকাশসীমায় দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র সফলভাবে শনাক্ত করে তা ধ্বংস করেছে। এছাড়া ইসফাহানের আকাশে দুটি এমকিউ ৯ অ্যাটাক ড্রোন ভূপাতিত করা হয়েছে। পাশাপাশি বুশেহরের আকাশে একটি হারমেস ড্রোন ধ্বংস করা হয়েছে বলে জানানো হয়। আইআরজিসি নিশ্চিত করেছে যে, এসব প্রতিরোধ অভিযান সম্পূর্ণ নতুন উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সম্পন্ন হয়েছে।
এদিকে একটি পৃথক ও গুরুত্বপূর্ণ অভিযানে আইআরজিসির অ্যারোস্পেস ডিফেন্স ফোর্স ইরানের মধ্যাঞ্চলে একটি অত্যাধুনিক মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করতে সক্ষম হয়েছে বলেও বিবৃতিতে দাবি করা হয়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভূপাতিত হওয়া সেই বিমানের পাইলটের সন্ধান চলছিল।
প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, ওই পাইলট নিরাপদে বের হতে ব্যর্থ হয়েছেন। একই দিনে ইরানের সেনাবাহিনী জানিয়েছে, দেশটির সমন্বিত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা হরমুজ প্রণালির নিকটবর্তী দক্ষিণাঞ্চলীয় জলসীমায় একটি মার্কিন এ ১০ ওয়ারথগ যুদ্ধবিমান ভূপাতিত করেছে। সেনাবাহিনী আরও জানায়, বিমানটি তাদের এয়ার ডিফেন্স ফোর্সের সিস্টেম দ্বারা শনাক্ত ও আঘাতপ্রাপ্ত হয় এবং পরে সেটি পারস্য উপসাগরের পানিতে বিধ্বস্ত হয়।
এস এম/ ৪ এপ্রিল ২০২৬









