ক্রিকেট

মোস্তাফিজকে ছাড়া আইপিএলে কলকাতার বোলিং দৈন্যদশা

কলকাতা, ৩ এপ্রিল – ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কলকাতা নাইট রাইডার্সের পেস বোলিং বিভাগ চরম সংকটের মুখে পড়েছে। নিরাপত্তার কারণ দেখিয়ে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে বাদ দেওয়ার পর জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাবানিকে দলে নেয় ফ্র্যাঞ্চাইজিটি। তবে তাতে দলের পেস বোলিংয়ের ঘাটতি পূরণ হয়নি।

ইনজুরির কারণে স্কোয়াডের একাধিক বোলার ছিটকে যাওয়ায় নতুন করে তিনজনকে দলে যুক্ত করতে বাধ্য হয় দলটি।

জোড়াতালি দেওয়া এই বোলিং ইউনিট নিয়ে শুরু থেকেই বিপাকে কলকাতা। প্রথম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স এবং দ্বিতীয় ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে রীতিমতো তুলোধুনো হয়েছেন দলটির বোলাররা।

হায়দরাবাদের বিপক্ষে পাওয়ার প্লেতে ৮৪ রান এবং শেষ ছয় ওভারে ৭১ রান খরচ করেন কলকাতার পেসাররা। তিন পেসার মিলে ১২ ওভারে ১৩৬ রান দিয়েছেন। এই ম্যাচে হায়দরাবাদ ২২৬ রানের বড় সংগ্রহ দাঁড় করায়, যার জবাবে কলকাতা ১৬১ রানে গুটিয়ে যায়। ৬৫ রানের পরাজয়ের মধ্য দিয়ে টানা দুই হারে পয়েন্ট টেবিলের তলানিতে নেমে গেছে দলটি।

বিশ্লেষকদের মতে, এমন পরিস্থিতিতে ডেথ ওভারের অন্যতম সেরা বোলার মোস্তাফিজুর রহমান দলের জন্য পার্থক্য গড়ে দিতে পারতেন। পাকিস্তান সুপার লিগেও তার নিয়ন্ত্রিত বোলিং প্রশংসিত হয়েছে।

এনএন/ ৩ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language