প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেলেন সাইয়েদ আবদুল্লাহ

ঢাকা, ২ এপ্রিল – ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থী মো. সাইয়েদ বিন আবদুল্লাহকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। যুব কর্মসংস্থান বিষয়ক বিশেষ সহকারী পদে তাকে চুক্তিভিত্তিক এই নিয়োগ দেওয়া হয়।
বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয় অন্য যেকোনো পেশা কিংবা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে তিনি এই পদে যোগ দেবেন। যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল বা তার সন্তুষ্টি সাপেক্ষে তিনি গ্রেড দুই পদমর্যাদায় দায়িত্ব পালন করবেন। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলেও প্রজ্ঞাপনে স্পষ্ট করা হয়েছে।
প্রসঙ্গত ২০২৪ সালের ঈদুল আজহার আগে ১২ লাখ টাকা দিয়ে ছাগল কেনার বায়না করা তরুণ মুশফিকুর রহমান ইফাতকে নিয়ে ফেসবুকে পোস্ট করে প্রথম আলোচনায় আসেন সাইয়েদ আবদুল্লাহ।
এরপর জাতীয় রাজস্ব বোর্ডের তৎকালীন সদস্য মো. মতিউর রহমানের সঙ্গে ইফাতের সম্পর্ক নিয়ে তিনি একাধিক অনুসন্ধানী তথ্য প্রকাশ করেন। প্রথমে মতিউর রহমান ইফাতকে নিজের ছেলে হিসেবে অস্বীকার করলেও সাইয়েদ আবদুল্লাহর অনুসন্ধান ও গণমাধ্যমের প্রতিবেদনে বেরিয়ে আসে ইফাত আসলে মতিউর রহমানের দ্বিতীয় স্ত্রীর সন্তান। একইসঙ্গে মতিউর পরিবারের বিপুল অবৈধ সম্পদের তথ্যও সামনে আসে।
এরপরই সরকার মতিউর রহমানকে এনবিআরের পদ এবং সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদ থেকে সরিয়ে দেয়। পরবর্তীতে আদালত মতিউর রহমান এবং তার স্ত্রী লায়লা কানিজ ও ছেলে আহমদ তৌফিকুর রহমানের বিদেশ যাত্রার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন।
এনএন/ ২ এপ্রিল ২০২৬









