জাতীয়

আদানির সঙ্গে বিদ্যুৎ চুক্তি অস্বাভাবিক মূল্যে, সংশোধনের বিষয়টি বিবেচনাধীন: জ্বালানি মন্ত্রী

ঢাকা, ২ এপ্রিল – ভারতের আদানি পাওয়ার লিমিটেডের সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে স্বাক্ষরিত বিদ্যুৎ চুক্তিটি অস্বাভাবিক মূল্যে করা হয়েছিল বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, আলোচনার মাধ্যমে এই চুক্তি সংশোধনের বিষয়টি বর্তমানে সরকারের বিবেচনাধীন রয়েছে।

বৃহস্পতিবার ২ এপ্রিল বিকেলে জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রমের সভাপতিত্বে চলমান অধিবেশনে সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর এক প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান।

জ্বালানি মন্ত্রী সংসদকে অবহিত করেন যে, ভারতের আদানি পাওয়ার ঝাড়খণ্ড লিমিটেডের সঙ্গে ২০১৭ সালে বিদ্যুৎ ক্রয়ের যে চুক্তি হয়েছিল, সেটি পর্যালোচনার জন্য অন্তর্বর্তী সরকারের সময়ে একটি জাতীয় কমিটি গঠন করা হয়।

সুপ্রিম কোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে গঠিত ওই কমিটিতে বিদ্যুৎ ও জ্বালানি বিশেষজ্ঞ, আইন বিশেষজ্ঞ, অর্থনীতিবিদ এবং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টরা অন্তর্ভুক্ত ছিলেন। এছাড়া কমিটি এ বিষয়ে আন্তর্জাতিক চুক্তি বিশেষজ্ঞ আইনি প্রতিষ্ঠানের মতামতও গ্রহণ করেছে।

মন্ত্রী আরও জানান, জাতীয় কমিটির পর্যালোচনা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে বিগত সরকার দেশীয় ও আন্তর্জাতিক বাজারের তুলনায় অস্বাভাবিক চড়া মূল্যে আদানি পাওয়ারের সঙ্গে চুক্তিটি স্বাক্ষর করেছিল।

এই প্রতিবেদনের ওপর ভিত্তি করে চুক্তির বিষয়ে আন্তর্জাতিক সালিশি আদালতে যাওয়ার অথবা আদানি পাওয়ারের সঙ্গে আলোচনার মাধ্যমে চুক্তিটি সংশোধনের মতো বিকল্প পদক্ষেপগুলো এখন সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে।

এনএন/ ২ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language