হজযাত্রীদের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা উপহার প্রেরণ

ঢাকা, ১৭ এপ্রিল – পবিত্র হজ পালন করতে যাওয়া আল্লাহ্র মেহমানদের জন্য বিশেষ শুভেচ্ছা উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর পাঠানো এসব উপহার সামগ্রী ইতোমধ্যে রাজধানীর আশকোনা হজ অফিসে পৌঁছেছে। হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন সংবাদমাধ্যমকে জানান যে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে হজযাত্রীদের জন্য বিভিন্ন ধরনের প্রয়োজনীয় সামগ্রী প্রদান করা হয়েছে।
এর মধ্যে রয়েছে এক লাখ বোতল মিনারেল ওয়াটার যা বর্তমানে ক্যাম্পে অবস্থানরত হজযাত্রীদের মাঝে বিতরণ করা হচ্ছে। এছাড়া উদ্বোধনী ফ্লাইটের হজযাত্রীদের জন্য প্রধানমন্ত্রীর উপহার হিসেবে থাকছে বিশেষ ব্যাকপ্যাক, ইহরাম সাবান, পানির পট, পেট্রোলিয়াম জেলি, মিসওয়াক এবং আজওয়া খেজুর।
উপহারগুলো সুশৃঙ্খলভাবে প্যাকেটজাত করে প্রথম ফ্লাইটের যাত্রীদের হাতে তুলে দেওয়া হবে। আজ রাত ১১টা ৩০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব ভ্রমণ করবেন।
এস এম/ ১৭ এপ্রিল ২০২৬









