জাতীয়

জরুরি প্রয়োজনে সরাসরি কেনা হবে এক লাখ টন অপরিশোধিত তেল

ঢাকা, ৩১ মার্চ – মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ও সরবরাহ অস্থিতিশীল হয়ে উঠেছে। এই অবস্থায় দেশের জরুরি জ্বালানি চাহিদা মেটাতে এবং আগাম প্রস্তুতি হিসেবে এক লাখ টন অপরিশোধিত তেল বা ক্রুড অয়েল সরাসরি ক্রয় পদ্ধতিতে কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে প্রস্তাবটির অনুমোদন দেওয়া হয়। এর আগে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে প্রস্তাবটি নীতিগতভাবে অনুমোদিত হয়।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আন্তর্জাতিক বাজার থেকে সরাসরি পদ্ধতিতে এই তেল সংগ্রহের প্রস্তাবটি উত্থাপন করে। সূত্র জানায়, সম্ভাব্য সরবরাহ বিঘ্ন মোকাবিলা এবং অভ্যন্তরীণ চাহিদা স্বাভাবিক রাখতেই দ্রুত এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই অনুমোদনের পাশাপাশি ইন্দোনেশিয়ার পিটি ভুমি সিয়াক পুসাকো জাপিন থেকে ৬০ হাজার টন গ্যাস অয়েল বা ডিজেল কেনার প্রস্তাবও বৈঠকে অনুমোদিত হয়েছে।

এছাড়াও এক্সন মোবিল কাজাখস্তান ইনকরপোরেটেড থেকে এক লাখ টন উন্নত মানের ডিজেল কেনার আরেকটি প্রস্তাবে সায় দিয়েছে কমিটি। তবে হংকংয়ের ফালকো করপোরেশন লিমিটেডের কাছ থেকে এক লাখ টন অপরিশোধিত তেল, আর্চার এনার্জি এলএলসি থেকে ৬০ হাজার টন ডিজেল এবং ম্যাক্সওয়েল ইন্টারন্যাশনাল এসপিসির কাছ থেকে এক লাখ টন ডিজেল কেনার প্রস্তাবগুলো জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অনুরোধে প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

এস এম/ ৩১ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language