জাতীয়

ঢাবি শিক্ষক সুদীপ চক্রবর্তীকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি

ঢাকা, ৩০ এপ্রিল – ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. সুদীপ চক্রবর্তীকে বিভাগের সকল প্রকার একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি প্রদান করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিভাগীয় শিক্ষার্থী মুনিরা মাহজাবিন মিমোর মৃত্যু এবং এর প্রেক্ষিতে ড. সুদীপের গ্রেফতার হওয়ার ঘটনায় উদ্ভূত পরিস্থিতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার রাতে বিভাগের চেয়ারম্যান কাজী তামান্না হক সিগমা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয় যে বিভাগের ২০২৪ সালের এমএ দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী মুনিরা মাহজাবিনের অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে বিভাগীয় পরিবার শোক প্রকাশ করছে। ওই ঘটনার পর সংশ্লিষ্ট মামলায় শিক্ষক ড. সুদীপ চক্রবর্তী আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক গ্রেফতার হন এবং বর্তমানে তিনি জেলহাজতে রয়েছেন।

উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনার লক্ষ্যে ২৬ এপ্রিল বিশেষ একাডেমিক কমিটির সভায় সিদ্ধান্ত হয় যে তার বিরুদ্ধে চলমান আইনি প্রক্রিয়া নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তিনি বিভাগের ক্লাস ও পরীক্ষাসহ সকল কার্যক্রম থেকে বিরত থাকবেন। উল্লেখ্য যে গত রোববার ভোরে উত্তর বাড্ডার একটি বাসা থেকে মুনিরা মাহজাবিন মিমোর মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে মামলা দায়ের করলে পুলিশ সুদীপ চক্রবর্তীকে গ্রেফতার করে।

এস এম/ ৩০ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language